বসুন্ধরার ফ্ল্যাটে ৫০ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে ৫০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- শহীদুল ইসলাম (৩৩) এবং তার গাড়িচালক আব্দুল খালেক আকাশ (৩৮)।
কাপড় ব্যবসায়ী শহীদুল ‘দ্রুত বড়লোক’ হওয়ার আশায় বছর দুয়েক আগে ইয়াবা কেনাবেচায় জড়িত হয় বলে র্যাব-১ এর অধিনায়ক সারওয়ার বিন কাশেম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ভোরে বসুন্ধরার জি ব্লকের ৩ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করেন তারা।
“মূলত আকাশ ওই বাসা ভাড়া নিয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।”
তাদের কাছে ইয়াবা বড়ি ছাড়াও নগদ ২১ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুলের দেওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, কাপড়ের ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল কম সময়ে বড়লোক হতে সুমন ও আলম নামে দুইজনের মাধ্যমে এই ইয়াবা কেনাবেচা শুরু করে।
“ইয়াবার চালান কক্সবাজার থেকে গাড়িতে করে আনা নেওয়ার কারণে চালক আকাশকেও এই ব্যবসায় জড়িয়ে ফেলে শহীদুল “
শহীদুল এবারই প্রথম ধরা পড়লেও আকাশ আগেও তিনবার গ্রেপ্তার হয়েছিল জানিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশের বিরুদ্ধে টঙ্গী থানায় দুটি এবং উত্তরা পূর্ব থানায় একটি মাদকের মামলা রয়েছে।
