ঢাকা দক্ষিণে মশা নিধনে কার্যক্রম আগামী সপ্তাহ থেকে
এডিস মশা নিধনে আগামী সপ্তাহ থেকে ডিএসসিসির ৫৭টি দল কাজ করবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে বুধবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, তারা কোনোভাবেই মশার বিস্তার ঘটতে দেবেন না।
“এ ব্যাপারে আমাদের অবস্থান দৃঢ়। আগামী সপ্তাহ থেকে পরির্দশন শুরু করবে ডিএসসিসির মনিটরিং টিম। কোথাও কোনো বাসায় মশার ‘জীবাণু’ পাওয়া গেলে সেই ‘জীবাণু’ ধ্বংস করা হবে। পাশাপাশি ওই বাড়িটি আমাদের পর্যবেক্ষণে থাকবে। যদি একই ঘটনা আবার ঘটে তাহলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে তার সময়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিবরণ লিখিত আকারে পড়ে শোনান মেয়র খোকন।
তিনি বলেন, ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে গত তিন বছরে সরকার ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
“ডিজিটালাইজড সড়ক বাতি স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন কার্যক্রম, খেলার মাঠ ও পার্ক উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।”
খোকন বলেন, তিনি মেয়রের দায়িত্ব নেওয়ার পর ৪৭৩ দশমিক ২৪ কিলোমিটার সড়ক, ১১২ দশমিক ৪৮ কিলোমিটার ফুটপাত, নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। এছাড়া ডিএসিসিতে যুক্ত ৮টি ইউনিয়নের ৪টিতে ১৫২ দশমিক ৩৪ কিলোমিটার সড়ক এবং ১৫৮ দশমিক ৫০ নর্দমা, ৬ দশমিক ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ চলমান। বাকি চারটি ইউনিয়নে ৬৫ দশমিক ৭২ কিলোমিটার সড়ক, ৭ দশমিক ৯৫ কিলোমিটার ফুটপাত, ১৭টি আরসিসি সেতু, ৪৮ কিলোমিটার নর্দমা উন্নয়নকাজের একটি প্রকল্প অনুমোদিত হয়েছে বলে জানান মেয়র।
শহরের পরিবেশ সংরক্ষণ এবং সড়ক উন্নয়নে ৫২টি এবং উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেন পরিষ্কারের জন্য ১০৭টি আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি কেনা হয়েছে বলে জানান মেয়র।
শান্তিনগর এলাকার জলাবদ্ধতা দূর করতে ১১ দশমিক ৭২ কিলোমিটার ড্রেন নির্মাণের কথা বলেন তিনি।
গত তিন বছরে ৪৯৫ দশমিক ৪৪ কিলোমিটার পাইপ ড্রেন এবং ৪৬৬ দশমিক ৬৩ কিলোমিটার খোলা ড্রেন পরিষ্কার করা হয়েছে বলে জানান মেয়র।
খোকন বলেন, যানজট নিরসনেও কাজ করেছেন তারা।
“যানজট নিরসন ও সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনার লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক বাস-বে, যাত্রী ছাউনি ও পুলিশ বক্স নির্মাণ করা হচ্ছে। নিরাপদে সড়ক পারাপারের লক্ষ্যে নতুন ৮টি ফুটওভারব্রিজ নির্মিত হয়েছে।”
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলররা অংশ নেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব খান মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দিন,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. জাহিদ হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
