রোহিঙ্গারা আসায় চালকদের মাদকাসক্তি বেড়েছে: এনায়েত উল্লাহ
রোহিঙ্গারা এদেশে আসার পর চালকদের মধ্যে মাদক নেওয়ার পরিমাণ বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন ঢাকা সড়ক পরিবহন সমিতির চেয়ারম্যান খন্দকার এনায়েত উল্লাহ।
মঙ্গলবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে পরিবহন মালিক ও চালকদের সচেতনতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের উপস্থিততে এনায়েত উল্লাহ বলেন, চালকদের মধ্যে মাদকাসক্তির এ বিষয়টি নিয়ে মালিক সমিতি চিন্তিত।
“আমরা দেখতে পেলাম রোহিঙ্গারা এদেশে আসার পর, লাখ লাখ রোহিঙ্গাকে মানবতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে আশ্রয় দিয়েছেন। আমরা তাদের আশ্রয় দিলাম। তারা খালি আসে নাই, তারা সবাই ইয়াবা নিয়ে আসছে।
“সেই ইয়াবা এমনভাবে পাচার শুরু হয়েছে, সারাদেশে ছড়িয়ে গেছে ইয়াবা। এইটা এখন খুব সহজলভ্য, এখন পান দোকানেও পাওয়া যাচ্ছে ইয়াবা। এটা রাস্তার আশপাশে বাক্স নিয়া বসে থাকে, সেখানে পাওয়া যাচ্ছে।”
এনা পরিবহনের এই মালিক বলেন, “আমাদের শ্রমিকেরা সারাদিন টাকা রোজগার কইরা সেই টাকা দিয়া ইয়াবা খাচ্ছে। এইটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটাকে রুখতে হবে।”
চালকরা মাদক নিয়েছে কি না তা পরীক্ষা করার জন্য পুলিশকে ‘ড্রাগ ডিটেক্টর’ কেনার পরামর্শ দেন এনায়েত উল্লাহ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, যুগ্ম কমিশনার (উত্তর) মো. মোসলেহ উদ্দিন, যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. মফিজ উদ্দিনসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তা এবং মালিক ও শ্রমিক সমিতির নেতাদের উপস্থিতিতে এ সভায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা চালকরাও অংশ নেন। পুলিশ, মালিক এবং শ্রমিক সমিতির নেতারা চালকদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বলেন, অসচেতনতার কারণে চালকরা সড়কে অন্য বাসের সঙ্গে ‘ঘষাঘষি’ করছেন। নিরাপদ সড়ক গড়তে চালকদের সচেতনতা অত্যন্ত জরুরি।
“আমি তো কোনো গাড়িকে খালি যেতে দেখি না। তাহলে কেন আপনারা বাসস্ট্যান্ডে গিয়ে আড়াআড়ি করে বাস রেখে দেন? কেন একটা গাড়িকে অবস্ট্যাকল করে দাঁড় করাতে হবে। এসব করতে গিয়ে ঢাকার একটা বাসেরও গায়ের চামড়া নাই।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, “এজন্য কে দায়ী, আমরা চালকরা দায়ী। কেন আমি আমার বাস দিয়ে আরেকটা বাস দিয়ে ধাক্কা দেব, কেন ঘষাঘষি করব? বিশ্বের আর কোনো দেশে গণপরিবহনের বাসের চিত্র এ রকম না।”
গণপরিবহনের কারণে রাজধানীর বাসিন্দাদের মধ্যে ‘এক ধরনের অস্বস্তি’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার।
তিনি বলেন, “এর কারণ যানবাহন চলাচলে অসুস্থ প্রতিযোগিতা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো এবং কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।”
মীর রেজাউল করিম বাস চালকদের ‘এ ধরনের কাজ’ না করার প্রতিজ্ঞা করতে অনুরোধ করেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিকদের প্রতিও তিনি আহ্বান জানান।
চালকদের ‘একটি বড় অংশ মাদকাসক্ত’ জানিয়ে এই পুলিশ কর্মকর্তাও চালকদের মাদকের নেশা থেকে বেরিয়ে আসতে অনুরোধ করেন।
“মাদকের ভয়াবহ বিস্তারের একটা খবর আমাদের কাছে আসছে যে, চালকদের বড় একটা অংশ মাদকাসক্ত। আপনার পেশার প্রতি আপনার একটা দায়িত্ব আছে। আপনি যখন গাড়ি চালাচ্ছেন, তখন ওই গাড়ির প্রত্যেকের জীবনের দায়িত্ব আপনার হাতে। সেই দায়িত্ব নিয়ে আপনি কীভাবে নেশায় আসক্ত হন?”
রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের চাপায় পড়ে হাত হারিয়ে মাথায় আঘাত পেয়ে পরে হাসপাতালে মারা যাওয়া কলেজছাত্র রাজীব হোসেনকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান খন্দকার এনায়েত উল্লাহ।
“হাই কোর্টের আদেশ আমরা মানি। কিন্তু বাসে চড়ে যাওয়ার সময় আপনি হাত এবং মাথা বাইরে রাখছেন, এর দায়িত্ব কে নেবে। যেখানে ঢাকা শহরে গাড়ি চলে বাম্পার টু বাম্পার, একটার সঙ্গে একটা লাগানো। সুতরাং শুধু গাড়ির মালিক-শ্রমিক সচেতন হলে হবে না, যাত্রীদেরও সচেতন হতে হবে। পথচারীদেরও সচেতন হতে হবে।”
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সম্প্রতি গণপরিবহনে নারীদের শ্লীলতাহানি, যাত্রী নিহত হওয়াসহ কয়েকটি নেতিবাচক ঘটনার পর চালকদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন মালিকরা।
যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মালিকরা ‘কঠোর’ অবস্থানে আছেন দাবি করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে মালিকরাই দায়ী চালকদের ধরিয়ে দিয়েছে।
