২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার চার দিনেও জ্ঞান ফেরেনি, টাকার অভাবে হাসপাতাল বদল

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার চারদিন পরেও শঙ্কামুক্ত নন ক্ষুদ্র ব্যবসায়ী মালেক রশিদ। এই অবস্থায় অর্থাভাবে তাকে স্কয়ার হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্থানান্তর করেছে পরিবার।

লিটন হায়দার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 08:03 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

কারখানায় গার্মেন্ট এক্সেসরিজ সরবরাহ করে সংসার চালাতেন মালেক। দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন মিরপুর-২ নম্বরে এইচ ব্লকের একটি বাসায়।   

শুক্রবার দুপুরে মিরপুরের গোড়ান-চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় লেগুনায় বাসের ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত ও ছয়জন আহত হন। আহতদের মধ্যে ছিলেন মালেক রশিদ (৩০)।

দুর্ঘটনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

প্রতিদিন লাখখানেক টাকার মতো বিল উঠতে থাকায় পরিবারের আর্থিক সঙ্গতির কথা বিবেচনায় তাকে মঙ্গলবার সন্ধ্যায় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে সেখান থেকে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে, সেখানকার আইসিইউতে তিনি ভর্তি আছেন বলে মালেকের  চাচাত ভাই জাহিদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কয়ার হাসপাতালে এই চার দিনে চার লাখ টাকা খরচ হয়ে গেছে। ধার দেনা করে এই টাকার ব্যবস্থা করতে হয়েছে।

“এ অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল বদল করা হয়েছে।”

দুর্ঘটনায় মালেকের দুই হাতই ভেঙেছে, তবে তার মাথার আঘাতই গুরুতর বলে স্কয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেন জানিয়েছেন।

তিনি সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাথার আঘাতের কারণে সর্বিকভাবে মালেক রশিদের অবস্থা বেশ সংকটাপন্ন।”

ওই দুর্ঘটনায় মালেকের সঙ্গে আহত অপর পাঁচজনের কয়েকজন এখনও হাসপাতালে আছেন বলে শাহআলী থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।

দুর্ঘটনার পর বাস ও লেগুনা আটক করা গেলেও চালকরা  এখনও  পলাতক।

ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িগুলোর মালিকের পরিচয় নিশ্চিত করতে বিআরটিএর সাথে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি চালকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে “