২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধা বেলায় ভোট পড়েছে ‘৩০ শতাংশের বেশি’

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আধা বেলায় ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা করছেন নির্বাচনী কর্মকর্তারা।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 02:24 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

প্রায় ৫ লাখ ভোটারের এ সিটিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

সকালে ২৮৯টি কেন্দ্রে ভোট শুরু হলেও বেলা ১২টার দিকে অনিয়মের কারণে একটি কেন্দ্রের ভোট স্থগিত করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর বলেন, “সব মিলিয়ে চার ঘণ্টায় গড়ে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে মনে হচ্ছে; কোথাও বেশি, কোথাও কম “

দিন শেষে (আট ঘণ্টায়) এর দ্বিগুণ বা কাছাকাছি ভোট পড়বে বলে আশা করছেন এই নির্বাচনী কর্মকর্তা।

খুলনায় দুটি কেন্দ্রে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে শেরেবাংলা রোডের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০৯৯ জন ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৪০৩ জন ভোট দেন বলে প্রিজাইডিং কর্মকর্তা মামুনুর রশীদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথম চার ঘণ্টায় এখানে ৩৭% পড়েছে। এখনও কোনো ঝামেলা হয়নি, কারও অভিযোগও নেই। সবাই বেশ উচ্ছ্বসিত।”

দৌলতপুর মহেশ্বরপাশা এলাকার মানিকতলা আবু সুফিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার আছেন ১৯৭৯ জন। বেলা ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ৪০ শতাংশের মত ভোট পড়ে থাকতে পারে বলে মনে করছেন প্রিজাইডিং অফিসার মো. হাদিউজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথম চার ঘণ্টায় ৮০১টি ভোট কাস্ট হয়েছে। সে হিসাবে ৪০ শতাংশ ভোট পড়ে গেছে।”

মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এ এস এম তৌহীদ আলীম জানান, তার কেন্দ্রের ১৩২৪ জন ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৪৫০ জনের ভোট নেওয়া হয়েছে। সে হিসাবে প্রায় ৩৪% ভোট পড়েছে।

“আমাদের এখানে সুষ্ঠুভাবে ভোট হয়েছে, উপস্থিতিও মন্দ নয়। দুপুরে এমনিতেই লোক থাকে কম। বেলা গড়ালে ভোটার উপস্থিতি আবার কিছুটা বাড়বে বলে আমরা আশা করছি।”

ভোট তথ্য

>> ওয়ার্ড: সাধারণ ওয়ার্ড ৩১ টি, সংরক্ষিত ওয়ার্ড ১০টি।

>> প্রতিদ্বন্দ্বি: মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন।

>> মেয়র প্রার্থী ও প্রতীক: আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজ্জাম্মিল হক (হাত পাখা), সিপিবির মিজানুর রহমান বাবু (কাস্তে) ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান (লাঙ্গল)।

>> কেন্দ্র ও ভোটকক্ষ: ২৮৯টি ভোট কেন্দ্র, তাতে ভোট কক্ষ ১৫৬১টি।

>> ভোটার: ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন ও মহিলা ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

এ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটার উপস্থিতি সন্তোষজনক। বিকালের সময় তো এখনও হাতে আছে। কত শতাংশ ভোট পড়ল সব শেষ হলেই তা বোঝা যাবে।”

খুলনায় ২০১৩ সালের সর্বশেষ নির্বাচনে ভোট পড়েছিল ৬৯% । সেবার  খুলনায় মোট ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন ভোটারের মধ্যে ৩ লাখ ২ হাজার ৫১৯ জন ভোট দেন।

নির্বাচন কর্মকর্তাদের আশা, এবারও ভোটের হার ৬০% এর কম হবে না।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই এ পর্যন্ত খবর পেয়েছি। ভোটের পরিস্থিতি আমরা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ  করছি। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।”

বর্তমান ইসির অধীনে গত বছর ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৬৩ দশমিক ৯২ শতাংশ এবং ২১ ডিসেম্বরের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৭৪ দশমিক ৩০ শতাংশ ভোট পড়ে।