ঢাকায় ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
ঢাকার গুলশানে ছয় তলা ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু ঘটেছে।
সোমবার রাতে রিফা (১৬) নামে এই গৃহকর্মীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান-২ নম্বরের ১২২ নম্বর বাড়ির ছয়তলায় ব্যবসায়ী মাহবুবুর রহমানের বাসায় কাজ করতেন রিফা।
ওসি বলেন, ‘পালাতে গিয়ে’ মারা গেছে এই গৃহকর্মী।
তিনি বলেন, “কিছুদিন আগে ব্যবসায়ী ভারত থেকে স্যুটের কাপড় আনেন। কিন্তু এই কাপড়টি আজ পাওয়া যাচ্ছিল না। বাসার অন্য এক গৃহকর্মী তাকে বলেছিল, ওই কাপড় নিয়ে থাকলে তা বের করে না দিলে মারধর করা হবে। এই ভয়ে রিফা পাকঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়।
“অনেক ডাকাডাকি করে না খোলায় দরজার লক ভেঙ্গে দেখে ভেতরে নেই। পরে নিচ থেকে খবর আসে পাশের দোতালায় রিফা পড়ে আছে।”
“ছয়তলা থেকে লোহার পাইপ বেয়ে পালানোর জন্য নিচে নামার চেষ্টা সময় রিফা পড়ে গেছে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
রিফার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।
