২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শুভ রহমান নেই

সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ রহমান আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 12:46 AM

Updated : 19 Aug 2022, 02:03 PM

রোববার রাত সাড়ে ৮টায় ঢাকার পশ্চিম চৌধুরীপাড়ার বাসভবনে তার মৃত্যু ঘটে।

শুভ রহমানের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও ৪ সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে শুভ রহমানের জানাজা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শুভ রহমান বেশ কিছু দিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাকে।

এরপরও পরিস্থিতির উন্নতি না ঘটায় বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল।

অর্ধ শতকের বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন শুভ রহমান। তার জন্ম ১৯৪০ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চিনসুরা গ্রামে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে ১৯৬৩ সালে তিনি ‘দৈনিক খবরের কাগজ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। আট বছর চাকরি করার পর তিনি যোগ দেন ‘দৈনিক গণবাংলা’তে।

এরপর তিনি কাজ করেন দৈনিক ইত্তেফাকে, সেখান থেকে যোগ দেন ‘দৈনিক বাংলায়’।

এরপর ‘দৈনিক জনকণ্ঠে’ তিনি ১৭ বছর কাজ করেন। ২০০৯ সালে তিনি ‘কালের কণ্ঠে’ যোগ দিয়েছিলেন।

শুভ রহমান জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন,  তিনি  জড়িত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সঙ্গেও।

নিয়মিত কলাম লেখার পাশাপাশি কবিতাও লিখেছেন শুভ ‍রহমান।

তার লেখা গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, ‘নির্বাচিত চালচিত্র’, ‘গণসংগ্রামের রক্তফসল’, ‘যাহারা তোমার বিষাইছে বায়ু’, ‘মাও সেতুং এর কাব্যসমগ্র’ (সম্পাদিত)এবং কাব্যগ্রন্থ ‘জীবন জীবনব্যাপী’।

এছাড়াও তিনি সাংবাদিক আবেদ খানের সাথে ‘জীবনের কবিতা- জীবনযুদ্ধের কবিতা’ এবং ‘জীবনের শাহবাগ- জীবনযুদ্ধের শাহবাগ’ গ্রন্থ দুটি সম্পাদনা করেন।

শুভ রহমান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা সদস্য, জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদের কো-চেয়ারপার্সন, খেলাঘরের অন্যতম উদ্যোক্তা তিনি।

ষাট-সত্তরের দশকে সংগঠন সৃজনী লেখক ও শিল্পী গোষ্ঠীর বলিষ্ঠ কর্মী ছিলেন তিনি। এই সংগঠনের মাধ্যমে তিনি রাজনৈতিক নেতা ও সাহিত্যিক শহীদ সোমেন চন্দের ইতিহাসকে সামনে নিয়ে আসেন।

মুক্তিযুদ্ধের সময় আগরতলায় অবস্থান করছিলেন তিনি। সেখানে জাতীয় মুক্তিসংগ্রামে সক্রিয়ভাবে কাজ করেন। এসময় ‘মুক্তি আসন্ন’ শিরোনামের কবিতায় শুভ রহমান লিখেছেন, “মুক্তি আসন্ন যার, তার নাম বাংলাদেশ।”