২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ জয়ে লাল-সবুজ পতাকা হাতে জয়ের উচ্ছ্বাস

কেনেডি স্পেস সেন্টারে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ দেখেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়; উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় পতাকা হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 11:30 AM

Updated : 11 Oct 2022, 12:20 PM

শনিবার ভোররাতে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ৫৯ এ লঞ্চ প্যাড থেকে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক উপগ্রহ বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণ ঘটে।  এটি উৎক্ষেপণের দায়িত্বে ছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স।

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয়সহ প্রবাসী অনেক বাংলাদেশি দেশের গৌরবময় এই মুহূর্তের সাক্ষী হন কেনেডি স্পেস সেন্টারে বসে।

এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের পরিকল্পনা ছিল শুক্রবার ভোররাতে। তা দেখতে জয় সেদিনও ছিলেন কেনেডি স্পেস সেন্টারে। ৫৩ ডলারে টিকেট কিনে প্রবাসী অনেকেই ছিলেন উপস্থিত। কিন্তু কারিগরি সমস্যার কারণে সেদিন উৎক্ষেপণ না হওয়ায় যারা হতাশ হয়েছিলেন, কিন্তু শনিবার সেই হতাশা কাটিয়ে সফল উৎক্ষেপণ দেখেন তারা।

উৎক্ষেপণের পর আবেগ-আপ্লুত জয় কেনেডি স্পেস সেন্টারে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, তা আরও উজ্জ্বলভাবে দৃশ্যমান হল। দক্ষিণ এশিয়া তথা এশিয়া মহাদেশ ছাড়িয়ে গোটাবিশ্ব এখন অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়ন প্রত্যক্ষ করবে।

এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জয়।

“সমসাময়িক বিশ্বের সাথে সঙ্গতি রেখে আমরা উন্নতি করব, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দেব। এজন্য সামনের নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয় দিতে হবে।”

জয় ফেইসবুকে লিখেছেন, “একটি নিখুঁত ও সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রবেশ করলো মহাকাশ যুগে। আমাদের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ, বঙ্গবন্ধু-১, এখন তার কক্ষপথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

স্পেস সেন্টারে টি শার্ট ও টুপি পরিহিত জয়ের হাতে ছিল লাল-সবুজের পতাকা। উৎক্ষেপণের দৃশ্য মনিটরে দেখে তিনি বারবার উল্লাস করছিলেন।

উৎক্ষেপণের আধা ঘণ্টা পর স্যাটেলাইটটি জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছানোর দৃশ্য দেখে উপস্থিত সবাই ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ওঠেন।

এ সময় ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমে টেলিফোন এবং পরে ভিডিও কনফারেন্সে কথা বলেন জয়। অন্যপ্রান্ত থেকে শেখ হাসিনা এ প্রকল্প যুক্ত সবাইকে ধন্যবাদ জানান। প্রবাসীদেরকেও অভিবাদন জানান তিনি।

প্রবাসীদের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। ভিডিও কনফারেন্সের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য খোরশেদ খন্দকার স্লোগান দিয়ে ওঠেন- ‘শেখ হাসিনার সরকার-বারবার দরকার।’

সেখানে উপস্থিত প্রকৌশলী  আবু হানিফ বলেন, “ডিজিটাল বাংলাদেশ রচনায় এই স্যাটেলাইটের বিকল্প ছিল না। নতুন প্রজন্মকে কর্মে উদ্দীপনা জোগাতে এর অবদান অবিস্মরণীয় হবে। আমরা যারা আউটসোর্সিংয়ে রয়েছি বা কাজ করতে আগ্রহী, তাদের অনেক সমস্যা দূর হয়ে যাবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!