২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত ৩

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 06:32 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

শুক্রবার দুপুরে গোড়ান-চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শাহ আলী থানার এসআই আবু বক্কর সিদ্দীক জানিয়েছেন।

নিহতরা হলেন- ইয়াসিন শুভ (২৪) ও শিবলী সাদিক (২৭) ও ৮ বছরের এক মেয়ে শিশু।

আবু বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুভর বাসা মিরপুর ৬ নম্বর সেকশনে; পড়তো মানারাত বিশ্ববিদ্যালয়ে। আর শিবলী সাদিক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতক। তার বাসার দারুস্ সালাম থানার তোলারবাগ ২ নম্বর গেইটে।

শিশুটির পরিচয় পাওয়া যায়নি বলে জানান এসআই আবু বক্কর।

তিনি বলেন, আহত অবস্থায় বেশ কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ওই তিনজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

শাহ আলী থানার কনস্টেবল রেজাউল করিম জানান, কোনাবাড়ি পরিবহনের বাসটি মিরপুর চিড়িয়াখানা থেকে গাজীপুরের কোনাবাড়ি রুটে চলাচল করে। আর লেগুনাটি সাভার থেকে মিরপুর এলাকায় যাত্রী পরিবহন করে থাকে।

দুর্ঘটনার শিকার গাড়ি দুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।