২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাড্ডায় গুলিতে কেবল অপারেটর নিহত

ঢাকার বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 11:39 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

দক্ষিণ বাড্ডার জাগরণী ক্লাবের সামনে বুধবার রাতে তার উপর গুলি চালানো হয় বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে।

নিহতের নাম আব্দুর রাজ্জাক (৩০)। তার বাবার নাম ফজলুর রহমান। বাড্ডার আলাতুনেসা স্কুল রোডে থাকতেন রাজ্জাক। তার পৈত্রিক বাড়ি পুরান ঢাকার সুরিটোলায়।

রাত ১০টায় রাজ্জাককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।

স্থানীয় একটি স্কুলের নৈশপ্রহরী ফজলুর জানান, তার ছেলে ‘ম্যাক্স’ নামের দোকান দিয়ে কেবল অপারেটরের ব্যবসা করতেন।

ফজলুরের চার সন্তানের মধ্যে রাজ্জাকই সবার বড়। রাজ্জাক এক সন্তানের জনক।

হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

এসআই বাচ্চু মিয়া বলেন, “কী কারণে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তার বাবা বলতে পারেন নাই।”

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ হত্যাকাণ্ডের মোটিভ এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”