স্বামী ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনায় মোনাজাতে প্রধানমন্ত্রী
স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী বুধবার আসরের নামাজের পর গণভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ছাড়াও তার ছোট বোন শেখ রেহানা ও আত্মীয়-স্বজনরা মিলাদে অংশ নেন।
এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও মিলাদ ও দোয়ায় অংশ নেন।
পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া
নিকটজনের কাছে সুধা মিয়া নামে পরিচিত ড. এমএ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালে রংপুরের পীরগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএ পাস করার পর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৯৯ সালে অবসর গ্রহণ করেন ওয়াজেদ মিয়া। ২০০৯ সালে মারা যান খ্যাতনামা এ বিজ্ঞানী।
কয়েকটি বই লিখেছেন তিনি। সেগুলোর মধ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ ও ‘বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র’ উল্লেখযোগ্য।
