২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুসন্ধান হোক, রাজনৈতিক ‘অ্যাকশন’ না হোক: তাবিথ

সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল বলেছেন, তার বিষয়ে তদন্তে যেন ‘রাজনীতি’ কাজ না করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 05:24 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুরে পৌনে ২টা পর্যন্ত সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাবিথকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আখতার হামিদ ভূইয়া।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি মিন্টুর ছেলে তাবিথ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঢাকা উত্তর সিটি করপোরেশনে গতবার মেয়র প্রার্থী ছিলেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও তিনি সহসভাপতি।

সম্প্রতি প্যারাডাইস পেপারে নাম মিন্টুসহ তার ছেলেদের নাম আসার পর দুদক তাবিথকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। দুদক কর্মকর্তারা বলছেন, তাবিথের অবৈধ সম্পদ রয়েছে বলে অভিযোগ পেয়েছেন তারা।

জিজ্ঞাসাবাদের পর তাবিথ সাংবাদিকদের বলেন, “একটা অনুসন্ধান চলছে, এই অনুসন্ধানের মাঝে কথা বলায় আইনি বাধা আছে এবং আমিও মনে করি বলাটা ঠিক হবে না।

“তবে আমি আশাবাদী একটা সুষ্ঠু অনুসন্ধানের পর সত্যটা বেরিয়ে আসবে।”

দুদক কী অভিযোগ পেয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “তা দুদক থেকে জেনে নিতে হবে, তবে আমি এতটুকু বলতে পারি, আমাদের মধ্যে বেশ সুষ্ঠু কথাবার্তা হয়েছে।”

তদন্ত নিয়ে তার কণ্ঠে সংশয়ের সুর শুনে সাংবাদিকরা কারণ জানতে চাইলে বিএনপি কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, “যে রাজনীতি বিরাজ করছে বাংলাদেশে, আমি মনে করি সকল অ্যাকশনই সরকার থেকে রাজনৈতিক একটা প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে।

“এখানে আমার একার বিষয় না, আমাদের সর্বোচ্চ সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যারা সদস্য আছি, সেই পর্যন্ত।”

Image
তাবিথ আউয়াল

তাবিথ আউয়াল

এই অনুসন্ধানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন কি না- এ প্রশ্নে তাবিথ তার নেত্রী খালেদা জিয়ার বন্দিত্বের বিষয়টি তুলে বলেন, "প্রতিটি জিনিসেই যা হচ্ছে, আমি মনে করি রাজনৈতিক একটা ডিইন্সট্রাকশন।

“আমাদের মূল হয়রানি হল দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে, আমরা তার দিকে তাকিয়ে আছি, যত কিছুই হচ্ছে তাকে হয়রানি করার জন্য হচ্ছে।”

দুদকের এই অনুসন্ধান ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন কি না, সেই প্রশ্ন রাখা হয় স্থগিত এই নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথের কাছে।

উত্তরে তিনি বলেন, “ওই অর্ডারটা স্থগিত অবস্থায় আছে, আমি আইনতভাবে এখনও প্রার্থী আছি। আমি আশা করি, ইলেকশনটা হবে। অনুসন্ধানটা (দুদকের) শেষ হোক, তারপর বোঝা যাবে এটা দলীয়ভাবে হয়েছিল, নাকি অন্যভাবে হয়েছিল।”

তাবিথের বিরুদ্ধে বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতার সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২৫ কোটি টাকা লেনদেনের আরেকটি অভিযোগের অনুসন্ধানও করছেন দুদকের উপ-পরিচালক শামসুল আলম।
ওই বিএনপি নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল।