২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁস প্রশ্নে পরীক্ষা দেওয়া সবাইকে বের করব: শিক্ষামন্ত্রী

ফাঁস হওয়া প্রশ্নে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আনুমানিক পাঁচ হাজার শিক্ষার্থীর সবাইকেই খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 04:53 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “এদের সবাইকে আমরা খুঁজে বের করতেছি, কেউই রেহাই পাবেন না। ওই সময় অনেকে ধরা পড়েছে, ১৫৭ জন জেলে আছে, ৩২টি মামলা হয়েছে। পরে আরও শতাধিক গ্রেপ্তার হয়েছে, জেলে আছে।

“যারা একবার গ্রেপ্তার হয়েছেন, ধরা পড়েছেন তাদের সবার পরীক্ষা, ছাত্র জীবন, শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে এতে কোনো সন্দেহ নাই।”

প্রশ্ন কেনা বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যারা লেনদেন করেছেন তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এবারের এসএসসি পরীক্ষার ১৭টির মধ্যে ১২টি বিষয়ের এমসিকিউ অংশের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁস হয়েছিল বলে সরকারের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে।

তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে শিক্ষামন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন, পরীক্ষার আগে ওই এমসিকিউ প্রশ্ন পেয়েছে পাঁচ হাজারের মত পরীক্ষার্থী। যেহেতু মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখের বেশি এবং যেহেতু সৃজনশীল অংশের কোনো প্রশ্ন ফাঁস হয়নি, সেহেতু কোনো পরীক্ষা বাতিল করা হবে না।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে যারা পরীক্ষা দিয়েছে, তথ্য-প্রমাণ মিললে তাদের পরীক্ষা বাতিল করা হবে বলে আগেই জানিয়ে রেখেছেন নাহিদ।

গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় হলেও এবার এ বোর্ডের ফল তুলনামূলকভাবে ভালো হয়েছে। সার্বিকভাবে আট সাধারণ বোর্ডের পাসের হার যেখানে ৭৯ দশমিক ৪০ শতাংশ, সেখানে কুমিল্লা বোর্ডে পাস করেছে ৮০ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ডে হঠাৎ কীভাবে এই পরিবর্তন?

নাহিদ বলেন, “বোর্ড ফল বিশ্লেষণ করবে। কুমিল্লা বোর্ড গত দুই বছর খারাপ ফল করে। আমাদের তাগিদ ছিল, বোর্ডকে সজাগ করেছি। সব বোর্ডের সঙ্গে পরামর্শ করে সেখানে ব্যাপক প্রচেষ্টা নিয়েছি যেন ঘাটতি পূরণ করতে পারে, এখন সমতায় আসছে।”

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সবার টানা দুই বছরের চেষ্টায় কুমিল্লা বোর্ডে এবার ভালো ফল হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, মূল্যায়নের পদ্ধতি পরিবর্তনের কারণ এবার সার্বিকভাবে পাসের হার কমেছে।

“আগে অনেকে খাতা না দেখেই নম্বর দিয়ে দিতেন। এখন ভালো করে খাতা দেখার ফলে গতবারের মত এবারও পাসের হার কমেছে।”

বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বিইডিইউ) কয়েক বছর গবেষণা করে পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নতুন কাঠামো নির্ধারণ করে দিয়েছে।

পাসের হার কমলেও শিক্ষার ‘মান বৃদ্ধি পাচ্ছে’ দাবি করে নাহিদ বলেন, এখন ঝরেপড়ার হারও কমছে। স্কুলমুখী করে তাদের স্কুলে ধরে রাখাই ‘বড় অর্জন’।

অন্যদের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান ছাড়াও বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

এসএসসি: ফাঁস হয়েছে ১২ বিষয়ের প্রশ্ন, পরীক্ষা বাতিল হচ্ছে না
এসএসসির প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে: যাচাই কমিটি