২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণে পরিপত্রের খবর জানেন না অনেক কর্মকর্তা

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা করতে তিন বছর আগে সরকার নির্দেশনা দিলেও এখনো এ বিষয়ে অগ্রগতির কোনো খবর পাওয়া যায়নি।

আইরিন সুলতানা আইরিন সুলতানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 05:42 PM

Updated : 12 Oct 2026, 02:05 PM

এমনকি দীর্ঘ এই সময়ে প্রশাসনের কোনো কোনো কর্মকর্তার গোচরেই আসেনি সরকারি পরিপত্র। কেউ আবার প্রতিবেদকের কাছে প্রথম পরিপত্রটি সম্পর্কে জানতে পারেন।

পানিতে ডুবে মৃত্যু থেকে শিক্ষার্থীদের বাঁচাতে দেশের সব স্কুল-কলেজে সাঁতার প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা করতে একটি খসড়া পরিপত্র শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ২০১৫ সালের ২৩ মার্চ। সংশ্লিষ্টদের মতামত নেওয়ার পর ওই বছরের ৮ এপ্রিল চূড়ান্ত পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে দেশের সব উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সমমানের মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশনা দিয়ে সাঁতার প্রশিক্ষণ ও অনুশীলনে লাইফ জ্যাকেটের ব্যবস্থা, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) উপস্থিতি নিশ্চিত করা ছাড়াও নিকটবর্তী জলাশয়সমূহকে সাঁতার উপযোগী করার নির্দেশনা দেওয়া হয়।

সরকারের নির্দেশনা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকের (শারীরিক শিক্ষা) সহায়তায় যথাযথ ব্যবস্থা নেবেন এবং প্রতি মাসে একটি প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দাখিল করবেন। মহানগরীর ক্ষেত্রে প্রতিবেদন দিতে হবে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, “পরিপত্রটি জারি হয়েছে ২০১৫ সালে। আমি বরিশালে জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছি ২০১৭ সালে। সঙ্গত কারণে পরিপত্রের শুরুতে ওই সময় আমি ছিলাম না। তবে পরিপত্রিটি নিশ্চয়ই একটি ধারাবাহিক প্রক্রিয়া।”

পরিপত্র সম্পর্কে না জানলেও জেলা প্রশাসনের উদ্যোগে বরিশালে নিয়মিত সাঁতার চর্চা চলছে বলে জানান তিনি।

“বরিশাল জেলা পর্যায়ে সাঁতার শিক্ষায় বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে নেওয়া হয়। জেলা প্রশাসকের বাসার সামনে বিশাল লেকটির এক পাড় সংস্কার করে সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

“পরিপত্র বাস্তবায়নে আমি সরাসরি জড়িত না থাকলেও এর মর্মানুসারে বরিশালে সাঁতার চর্চা নিয়মিত চলছে। তবে আমি পরিপত্রটি হাতে নেব এবং কতটুকু কী হয়েছে তা জানব।”

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এখনই আনুষ্ঠানিকভাবে পরিপত্রটি সম্পর্কে জানলাম। এই পরিপত্রটি বাস্তবায়নে কোনো সমন্বিত প্রতিবেদন জমা নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে আমি অবগত হওয়ার চেষ্টা করব।”

সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহর সঙ্গে যোগাযোগ করা হলে তার স্পষ্ট বক্তব্য জানা যায়নি।

তিনি বলেন, “আমরা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করি। বিভিন্ন এনজিও এ নিয়ে সহযোগিতা করে থাকে। এখানে বিভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলে তখন কিন্তু আমরা সাঁতার ও অন্যান্য শরীরচর্চা শেখানো নিয়ে বলে থাকি।”

শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ‘নিয়মিত’ কোনো প্রতিবেদন পাওয়া যায় না বলেও জানান তিনি।

সাঁতার প্রশিক্ষণ এবং চর্চার বিষয়টি মনিটরিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি/সার্বিক), জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

তাদের প্রতি মাসে একটি প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে দেওয়ার নির্দেশনা রয়েছে। আর মাউশি থেকে ত্রৈমাসিকভিত্তিতে প্রতিবেদন দেওয়ার কথা শিক্ষা মন্ত্রণালয়ে।

কিন্তু বিষয়টি সম্পর্কে ‘অবগত নন’ বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

“আমি এ জেলায় নতুন এসেছি। এখন পর্যন্ত এ ধরনের কার্যক্রম আমার দৃষ্টিগোচরে আসেনি। পূর্ববর্তী কর্মক্ষেত্রেও এরকম কার্যক্রম চালু বা প্রতিবেদন জমা দেওয়া বলতে যা বোঝায়, সে সম্পর্কে আমি অবগত নই। তবে একবার একটি পরিপত্র জারি হয়েছিল, তা জেনেছিলাম, কিন্তু এর বাস্তবায়ন বলতে যা বোঝায়, সে সম্পর্কে আমার জানা নেই।”

সরকারের নির্দেশনা বাস্তবায়নে সমস্যার কথাও বলেন তিনি।

“সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেভাবে নির্দেশনা রয়েছে অনেক এলাকাতেই সাঁতার কাটার মতো সেভাবে পরিবেশ নেই, পুকুর নেই এবং আরো অন্যান্য বিষয় আছে।”

অন্যদিকে এই উদ্যোগের সফলতা নিয়ে সন্দিহান ঢাকার পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহ।

তিনি বলেন, “জাতীয় শিক্ষানীতি ২০১০ নিঃসন্দেহে ভাল। দুঃখজনক হল সমন্বয়হীনতার কারণে সফলতা আসছে না। পরিকল্পনার সুফল-কুফল পেতে ৫-১০ বছর লেগে যায়।

“আমি গ্রামের ছেলে। আমরা সাঁতার কেটেছি। কিন্তু এখন গ্রামের ছেলেরাই সাঁতার জানে না। তাহলে শহরের ছেলেমেয়েরা শিখবে কী করে? সুইমিং পুল? ঢাকায় কয়টা সুইমিং পুল রয়েছে? কয়টা সুইমিং পুলের পানি বিশুদ্ধ রাখা হয়? ওই পানিতে চর্মরোগ হবে।”

তিনি আরো বলেন, “ঢাকা শহরে নদী-নালা, খাল-বিল যেভাবে ভরাট হচ্ছে সেখান থেকে সরকারকে পিছিয়ে আসতে হবে। যেখানে মানুষ সাঁতার কাটত, নৌকা চালাত সেসব ভরাট হয়ে এখন হাইরাইজ বিল্ডিং হচ্ছে। সাঁতার কোথা থেকে শিখবে তাহলে? একটা পরিপত্র দিয়ে তো সব কিছু হবে না।”

শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণের বিষয়ে এখন পর্যন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে জমা পড়েছে কিনা তাও জানা যায়নি।

অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান বলেন, “আমি বিষয়টা জানলাম। আমার তিন মাসের উপরে এখানে জয়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ ধরনের রিপোর্ট আমি দেখিনি। আমার মনে হয় না এ বিষয়ে ফলোআপ রয়েছে। হলে আমাকে অবহিত করা হত।”

তিনি পুরো বিষয়টি জেনে মন্তব্য করতে পারবেন বলে সে সময় জানান। কিন্তু পরে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন সভায় ব্যস্ত থাকার কথা বলেন।

 

পুরনো খবর:

শিক্ষার্থীদের সাঁতার শেখাবে সরকার