২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ফিরছেন লন্ডনে ডেপুটি হাই কমিশনার তালহা

পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠানোয় ব্রিটেন থেকে ঢাকার বিমান ধরেছেন লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 09:18 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

গত ৭ ফেব্রুয়ারি হাই কমিশনে বিএনপি নেতাকর্মীদের হামলার পর তালহাকে ৭ মে’র মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়। হামলার সময় ভারপ্রাপ্ত হাই কমিশনার ছিলেন তিনি।

ওই হামলা-ভাংচুরকে ‘বাংলাদেশের ওপর আক্রমণের’ শামিল হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনা তদন্তে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে, যারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

Image
ঢাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার আগের দিন লন্ডন হাই কমিশনে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা

ঢাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার আগের দিন লন্ডন হাই কমিশনে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা

লন্ডন হাই কমিশনের একজন কূটনীতিক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিশন থেকে তালহাকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তিনি ঢাকার পথে আছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণার আগের দিন লন্ডন হাই কমিশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও নামিয়ে ফেলা হয়।

পরদিন ৮ ফেব্রুয়ারি ওই মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। এরপর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন তিনি।

রায়ে খালেদা জিয়ার ছেলে লন্ডন প্রবাসী তারেক রহমানেরও ১০ বছরের কারাদণ্ড হয়। হাই কমিশনে ওই হামলার পেছনে তারেক রহমানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন আওয়ামী লীগ নেতারা।