ঢাকায় জঙ্গি সন্দেহে যুবক গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে ঢাকায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকা থেকে ক্বারী মাহমুদ হাসান (২৬) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ঢাকার রেলওয়ে থানা এবং ফতুল্লা থানায় মামলা রয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেপ্তারের সময় হাসানের কাছে জিহাদি বই, সন্ত্রাসী প্রশিক্ষণ ম্যানুয়াল, প্রচারপত্র পাওয়া গেছে।
হাসানের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। দেওভোগ মাদ্রাসায় পড়ার পর মাদ্রাসা সংলগ্ন মার্কেটেই দোকান দিয়ে মোবাইল ব্যাংকিং, মোবাইল সিম বিক্রি, কম্পিউটার কম্পোজের ব্যবসা করছিলেন তিনি।
র্যাব বলছে, ব্যবসার আড়ালে হাসান জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
“আনসার আল ইসলামের প্রশিক্ষণপ্রাপ্ত সক্রিয় সদস্য হিসাবে মাহমুদ হাসান দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পরিপন্থি উগ্র ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য উগ্রবাদী বই, ম্যানুয়াল ও জিহাদি প্রচারপত্র বিলি এবং উক্ত সংগঠনের সদস্য সংগ্রহ করে আসছিল।”
তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানার সন্ত্রাসবিরোধী আইনে একটি এবং ভুয়া রেজিস্ট্রেশনে সিম বিক্রি, ভিওআইপি ব্যবসা করার অভিযোগে ফতুল্লা থানায় আরেকটি মামলা রয়েছে।
