২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণে শ্রমিকের রক্তাক্ত সংগ্রামের দিন

শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনাপ্রবাহের দিন মে দিবস পালিত হচ্ছে শ্রমিক সংগঠনগুলোর নানা কর্মসূচির মধ্য দিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 09:46 AM

Updated : 08 Apr 2022, 06:19 PM

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করছে; এ উপলক্ষে মঙ্গলবার সাধারণ ছুটি।

শ্রমিক সংগঠনগুলো সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, পল্টন, গুলিস্তান এলাকায় মিছিল, শোভাযাত্রা, মানববন্ধনের মতো কর্মসূচিতে শ্রমিকের অধিকার রক্ষার দিনপি পালন করছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

সকাল থেকে জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন-গুলিস্তান এলাকায় মিছিল, শোভাযাত্রা, মানববন্ধনের মতো কর্মসূচি নিয়েছে শ্রমিক সংগঠনগুলো, হবে আলোচনা সভাও।

বাংলাদেশে সরকারিভাবে এবারে মে দিবস পালিত হচ্ছে ‘শ্রমিক-মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই’ প্রতিপাদ্য নিয়ে।

১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে ধর্মঘট শুরু করেছিল।

সেই আন্দোলন দমনে শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।

১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়।

১৮৯০ সাল থেকে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে শ্রমজীবী মানুষের প্রতি মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশের শিল্প ও বাণিজ্যের অগ্রযাত্রায় প্রয়োজন বিনিয়োগবান্ধব পরিবেশ, শ্রমিকের একাগ্রতা এবং শ্রমিক-মালিক পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।

“শ্রমিক ও মালিকের ইতিবাচক ও প্রাগ্রসরমাণ অংশগ্রহণের মাধ্যমে শ্রমক্ষেত্রে স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

রাষ্ট্রপতি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণের সঙ্গে মহান মে দিবসের অন্তর্নিহিত তাৎপর্য ওতপ্রোতভাবে জড়িত।

“তাদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার রক্ষায় সকলে স্ব স্ব ক্ষেত্রে ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করে যাবেন- এ প্রত্যাশা করি।”

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার এবং উন্নত ব্যবস্থাপনা বাস্তবায়নে বদ্ধপরিকর।

“আমি আশা করি, মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক পক্ষ উভয়ই সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কলকারখানার উৎপাদন বৃদ্ধিতে আরো নিবেদিত হবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সক্ষম হব।”

প্রতিবছরের মত এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদযাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

সকালে শ্রম ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ বেতার ও টেলিভিশন মে দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এ দিনের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে ক্রোড়পত্র।