২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারিত হওয়ার শঙ্কায় কোটা সংস্কারের আন্দোলনকারীরা

প্রধানমন্ত্রী কোটা বাতিলের কথা বললেও শেষ পর্যন্ত তা হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 08:18 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর সোমবার এক সভায় বলেন, “কোটা বাতিলের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু আমরা এখনও কোনো রেজাল্ট পাইনি।

“প্রজ্ঞাপন যতদিন পাব না, ততদিন জাগ্রত থাকব। আমাদের সাথে এ নিয়ে প্রতারণাও হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে অহরহ এরকম দেখে আসছি আমরা।”

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে পরিষদের আয়োজনে ‘ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে’ এক মতবিনিময় অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানান নূর।

সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে তাদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের কথা বলার পর কর্মসূচি স্থগিত করে এই পরিষদ।

এরপর গত ২৭ এপ্রিল আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠকে ক্ষমতাসীন দলের নেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার ঘোষণা কীভাবে কার্যকরে ‘স্বল্প সময়ের মধ্যে’ প্রজ্ঞাপন জারি করা হবে।

অস্ট্রেলিয়া সফর শেষে রোববার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে সঙ্গে সঙ্গে সে অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Image
প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে আন্দোলনকারীদের মিছিল (ফাইল ছবি)

প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে আন্দোলনকারীদের মিছিল (ফাইল ছবি)

এই আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ি ভাংচুর হওয়ার ঘটনা ঘটায় যে মামলা হয়েছে, তাতেও হয়রানির আশঙ্কা রয়েছে আন্দোলনকারীদের মধ্যে।

টিএসসির মতবিনিময় সভায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেন।

ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষকদের কঠোর কর্মসূচিতে যাওয়ার পক্ষেও মত জানান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক।

তিনি বলেন, “ক্যাম্পাসে শিক্ষার্থী এবং শিক্ষকদের নিরাপত্তা বিধানের জন্য উপাচার্য বরাবর আমরা চিঠি দিয়েছি, এছাড়াও আমরা মানববন্ধনও করেছি। এরপরও যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতাসীন দলের অনেক নেতা আন্দোলনের পেছনে যে ষড়যন্ত্র দেখছেন, তাতেও একমত নন তিনি।

“সরকারি প্রশাসন বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের উপর অত্যাচার চালিয়েছে। আন্দোলনকারীরা কি সবাই ছাত্রশিবির? লক্ষ লক্ষ শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেটা কি আপনারা দেখেননি? আপনারা এই নাগরিক গণতান্ত্রিক আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন, যেটা কাম্য নয়।"

বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, “কোটা সংস্কারের শান্তিপূর্ণ  আন্দোলনে পুলিশের হামলার কোনো যৌক্তিকতা ছিল না। সরকারের উচিৎ ছিল হামলার পূর্বে এর একটা সমাধান করা।

“মামলা-মোকদ্দমা ও পুলিশের মাধ্যমে বিষয়টি জটিল না করে এর সমাধান করা যেত। ভিসি বাংলোতে হামলা ন্যক্কারজনক ঘটনা। তবে আমি মনে করি, আন্দোলনকারীরা কেউ এর নেতৃত্ব দেয়নি।”

Image
আন্দোলনকারীদের উপর চড়াও পুলিশ (ফাইল ছবি)

আন্দোলনকারীদের উপর চড়াও পুলিশ (ফাইল ছবি)

অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “শিক্ষক ছাত্রের সম্পর্ক  হচ্ছে পিতা-মাতার সম্পর্ক। সন্তানরা ভুল করলে শাস্তি দেন, তবে তাদের উপর গুলি চালানো যাবে না।”

মতবিনিময় সভায় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের অধ্যাপক রাশিদুল হাসান,  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. তানজিম উদ্দিন খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী  অধ্যাপক আব্দুর রাজ্জাক খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের আলোচনা শেষে পরিষদের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক রাশেদ খান কয়েকটি দাবির কথা বলেন।

সেগুলো হল- ৮ এপ্রিল রাতে যারা ক্যাম্পাসে অস্ত্র হাতে মহড়া করেছিল, আশিকুরকে গুলি চালিয়েছিল, তাদের প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি দিতে হবে; সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার জন্য একটি স্বায়ত্তশাসিত বিশেষ নিরাপত্তা সেল গঠন করতে হবে; ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে সিসি ক্যামেরা ও নিরাপত্তা চৌকি বসাতে হবে; রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণে রাখতে হবে; ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থীর বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে;  হলগুলোতে নিপীড়ন বন্ধ করতে হবে ইত্যাদি।

পুরনো খবর:

আন্দোলন অযৌক্তিক, কোটারই দরকার নেই: প্রধানমন্ত্রী
চাকরির কোটা: কয়েকটি দাবি রেখে আন্দোলন স্থগিত
চাকরির কোটা সংস্কার: এখনও অগ্রগতি ‘নেই’
প্রধানমন্ত্রী ফিরলে ‘স্বল্প সময়ে’ কোটা বাতিলের প্রজ্ঞাপন: নানক