২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে মৃত্যু ঠেকাতে আইন সংশোধন চান খায়রুল হক

সড়কে মৃত্যু ঠেকাতে আইন পরিবর্তনের পাশাপাশি তা কঠোরভাবে কার্যকরের উপর জোর দিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 05:06 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

সম্প্রতি কয়েকটি সড়ক দুর্ঘটনা আলোচনায় উঠে আসার পর আইন কঠোর করলেই তা কমবে না বলে মত প্রকাশ করেছিলেন পরিবহন শ্রমিকদের নেতা ও নৌমন্ত্রী শাজাহান খান।

তার বক্তব্যের একদিন বাদেই সোমবার আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক সাংবাদিকদের বলেন, “ট্রাফিক ল’র চেঞ্জ প্রয়োজন বলে আমি মনে করি।”

গত বছর সারাদেশে চার হাজার ৯৭৯টি সড়ক দুর্ঘটনায় ২৩ হাজার ৫৯০ জন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিক হতাহত হন বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব।

এজন্য বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে ওভারটেকিং, সড়ক-মহাসড়ক ও রাস্তা-ঘাটের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতাকে দায়ী করেছে সংগঠনটি।

সড়ক দুর্ঘটনার সাম্প্রতিক ধরনে বিস্ময় প্রকাশ করে খায়রুল হক বলেন, “ইদানিং তো আর একটা নতুন বিষয় দেখছি এক গাড়ি আরেক গাড়ির উপর উঠিয়ে দিচ্ছে! সড়ক দুর্ঘটনা কীভাবে বাড়ছে! মানুষের পা চলে যাচ্ছে, হাত চলে যাচ্ছে! মাথা চলে যাচ্ছে! এভাবে তো কোনো সভ্য দেশ চলতে পারে না।”

সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে সড়ক পরিবহন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও তা এখনও আলোর মুখ দেখেনি।

বিচারপতি খায়রুল হক বলেন, “ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি কেউ গাড়ি চালায় তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা (জরিমানা)। কার্যক্ষেত্রে অনেক সময় দেখছি তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড বা ৪০০ টাকা জরিমানা। লাইসেন্স ছাড়া চালিয়ে যদি এইটুকু পেনাল্টি হয়, তাহলে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার গরজ তেমন কেউ বোধ করবে না। তাই আইনের পরিবর্তন বড় প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’

আইন পরিবর্তনের সঙ্গে তা প্রয়োগের উপর জোর দিয়ে তিনি বলেন, “শাস্তি বাড়িয়েই কেবল হবে না, এটার এনফোর্সমেন্টও প্রয়োজন।”

মন্ত্রী শাহজাহান খান রোববার সাংবাদিকের বলেছিলেন, “যারা বলেন সাজা বাড়ালেই দুর্ঘটনা কমবে, আমি এই তত্ত্বের সঙ্গে, এই কথার সঙ্গে একমত না। তাহলে বাংলাদেশে কোনো খুন হত না, খুনের সাজা হল ফাঁসি। তারপরেও কি খুন বন্ধ হয়ে আছে?”

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বলেন, “দেশের লোক যদি মনে করে, ট্রাফিক ল চেঞ্জ হওয়া দরকার, চেঞ্জ হবে। আর দেশের লোক যদি চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই মনে করে, তাহলে হবে না। মানুষ মরতে থাকবেই... মরুক।”

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সড়ক দুর্ঘটনা রোধে আইন সংশোধনের পক্ষে মত দেন তিনি।

প্রধান বিচারপতির সঙ্গে আর্থিক বিরোধ, সালিশি আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আইন কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমাদের দেশের আর্বিট্রেশন কোর্টগুলো (সালিশি আদালত) আরও এফিশিয়েন্ট করা প্রয়োজন। আরর্বিট্রেশন অ্যাক্ট আরও কারর্য‌্যকর করা সম্ভব, যাতে অল্প সময়ের মধ্যে কম খরচে আর্বিট্রেশন হতে পারে।’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংশোধনের উপরও জোর দেন খায়রুল হক। 

তিনি বলেন, “দেশে যত ইনভেস্টমেন্ট বাড়বে, তত কমার্শিয়াল ডিসপিউট বাড়বে। বাড়লে হয় কোর্টে যাবে, নয় আর্বিট্রেশনে যাবে। আমাদের দেশের কোর্টগুলো সিআরপিসির আন্ডারে। এখানে কমার্শিয়াল ডিসপিউট রিজলভ করতে গেলে অনেক সময় লাগে।”

‘কমার্শিয়াল কোর্ট’ কীভাবে যুগোপযোগী করা যায়, নতুন আদালত প্রয়োজন রয়েছে কি না, সেসব বিষয়ে প্রধান বিচারপতির মতামত শুনেছেন বলে জানান আইন কমিশনের চেয়ারম্যান।

বাংলাদেশে প্রচলিত আইন পুনর্নিরীক্ষণ করে সংস্কার কিংবা নতুন আইন প্রয়োজন হলে সে বিষয়ে সুপারিশ করার দায়িত্ব আইন কমিশনের।

পুরনো খবর:

সাজা বাড়ালেই দুর্ঘটনা কমবে না: শাজাহান খান
৭০ লাখ চালকের মধ্যে লাইসেন্স আছে ১৬ লাখের: যাত্রী কল্যাণ সমিতি