২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা বাড়ালেই দুর্ঘটনা কমবে না: শাজাহান খান

দুর্ঘটনার জন্য চালকদের সাজা বাড়ানো হলে দুর্ঘটনা কমবে না বলে মনে করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 12:35 AM

Updated : 19 Aug 2022, 01:59 PM

রোববার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনা ও তা রোধে করণীয় নিয়ে কথা বলেন তিনি।

দুর্ঘটনা রোধে চালক, পরিবহন মালিক ও সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শাহজাহান খান। চালকদের পাশাপাশি পথচারীদেরও সতর্কতার সঙ্গে চলাচল করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা বলেন সাজা বাড়ালেই দুর্ঘটনা কমবে, আমি এই তত্ত্বের সঙ্গে, এই কথার সঙ্গে একমত না। তাহলে বাংলাদেশে কোনো খুন হত না, খুনের সাজা হল ফাঁসি। তারপরেও কি খুন বন্ধ হয়ে আছে?”

পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতির দায়িত্বে আছেন শাজাহান খান। কয়েক বছর আগে চালকদের সনদপ্রাপ্তির যোগ্যতা নিয়ে এক মন্তব্যের জন্য আলোচিত হয়েছিলেন তিনি।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনার জন্য চালকদের শাস্তি নিশ্চিতের দাবি উঠেছে। জবাবদিহির মুখোমুখি হতে হয় না বলে তারা বেপরোয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছিলেন কয়েকদিন আগে ঢাকায় বাসের চাপায় পা হারিয়ে রোববার সকালে মারা যাওয়া রোজিনা আক্তার।

Image
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

সড়ক দুর্ঘটনা রোধে দাবিতে শুক্রবার ঢাকায় এক মানববন্ধনে সড়কে শৃঙ্খলা না আসার জন্য কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়ী করেছিলেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।

গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক বলেছিলেন, “বাংলাদেশের সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি একজন প্রতিমন্ত্রী,  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি একজন মন্ত্রী। ক্ষমতার শীর্ষে বসে তারা কোনো ধরনের আইন ও বিধি করতে বাধা দিচ্ছেন।”

চালকদের শাস্তি বাড়ানোর বিপক্ষে যুক্তি দিয়ে শাহজাহান খান ওই সাংবাদিককে প্রশ্ন করেন, “আপনি কি বলতে পারেন দুনিয়ার কোথাও দুর্ঘটনা হয় না? সেদিনও তো কয়েকজন, ছয়জন বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় মারা গেল আরব কোনো কান্ট্রিতে, সৌদি আরবে। তাহলে সেই দুর্ঘটনায় কী বলবেন? সেখানে কি ড্রাইভারের ফাঁসি হয়?”

সড়ক দুর্ঘটনা বন্ধ সম্ভব নয়, তা কমাতে সব পক্ষের ভূমিকা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

পুরনো খবর:

সড়কে বিশৃঙ্খলা: অভিযোগের আঙুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দিকে