লেগুনা থেকে ছিটকে পড়ে ইডেন ছাত্রীর মৃত্যু
ঢাকার অনিরাপদ সড়কে মৃত্যুর মিছিলে যোগ হল ইডেন কলেজের এক শিক্ষার্থীর নাম।
নুসরাত জাহান ঝুমা নামে এই তরুণী সোমবার যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় লেগুনা থেকে ছিটকে পড়ে প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঝুমা না নামতেই লেগুনা চালক গতি বাড়িয়ে দিলে তিনি ছিটকে পড়েন সড়কে।
বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনার পর ঝুমাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি ঘটায় নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বেলা ১টার দিকে তার মৃত্যু ঘটে।
ঝুমার বোন জেবুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বোনের মাথার পেছনে ডান দিকে ছোট একটি আঘাতের চিহ্ন ছিল, যেখান থেকে রক্তপাত হয়। এছাড়া অন্য কোথাও কোনো জখম ছিল না।
যাত্রাবাড়ী থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধায় ঝুমার স্বজনরা ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যায়।
সন্ধ্যা পর্যন্ত ওই লেগুনার সন্ধান বের করতে পারেনি পুলিশ।
ওসি বলেন, “আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। সেই সাথে চালক-হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।”
ঝুমা ইডেন কলেজে গণিতে প্রথম বর্ষে পড়তেন। শনির আখড়ার কাছে দনিয়া এলাকায় তাদের বাসা।
কলেজ থেকে লেগুনায় করে বাসায় ফেরার সময় বেলা সাড়ে ১১টার দিকে ঝুমা দুর্ঘটনায় পড়েন বলে তার বড় বোন জেবুন্নেসা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেগুনা শনির আখড়া এলাকায় এলে স্পিড ব্রেকার দেখে নামার প্রস্তুতি নেয় ঝুমা, কিন্তু নামার সময় চালক লেগুনা না থামিয়ে গতি বাড়িয়ে দিলে তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে ও।”
জেবুন্নেসা বলেন, কলেজে যাওয়ার জন্য ঝুমা সকাল ৮টায় বাসা থেকে বেরিয়েছিল। সাড়ে ১২টার দিকে তিনি একটি ফোনে দুর্ঘটনার খবর পেয়ে শনির আখড়া এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে ছুটে যান। সেখানে গিয়ে বোনকে অচেতন অবস্থায় দেখেন। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে।
নুসরাত জাহান ঝুমা
ঝুমার মৃত্যুর খবর শুনে ইডেনের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসী বেগমসহ কয়েকজন শিক্ষক ছুটে যান ঢাকা মেডিকেলে।
ফেরদৌসী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুটি ক্লাস ছিল। যথারীতি ক্লাস শেষ করে সে (ঝুমা) কলেজ থেকে বের হয়ে যায়।”
হাসপাতালে আসা শিক্ষকরা জানান, ঝুমা সবসময় সামনের বেঞ্চে বসতেন। ক্লাসে খুবই মনোযোগী ছিলেন এই শিক্ষার্থী।
ঝুমার স্কুলশিক্ষক দেলোয়ার হোসেনও ছুটে এসেছিলেন হাসপাতালে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দনিয়ার এ কে হাইস্কুল থেকে মাধ্যমিক এবং কাজলার মাহবুবুর রহমান মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ঝুমা। দুটোতেই জিপিএ ফাইভ পান তিনি।
“অত্যন্ত মেধাবী ছিল ঝুমা, গণিত তার প্রিয় বিষয় ছিল,” বলেন এই শিক্ষক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য বিষয়ে সুযোগ পেলেও শুধু গণিতে পড়ার জন্য ঝুমা ইডেনে ভর্তি হন বলে তার চাচাত ভাই মাহবুব হাসান রাকিব জানান।
তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল ঝুমা। বড় বোন জেবুন্নেসা তার প্রায় ১৫ বছরের বড়, ভাই রাসেল তার পাঁচ বছরের বড়। তাদের বাবা আবুল হোসেন ২০০৮ সালে মারা যান।
জেবুন্নেসা বলেন, তাদের পরিবারের সবার ছোট হওয়ায় সবাই ঝুমাকে ভীষণ ভালোবাসত।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার কোলেই সে বড় হয়েছে। তার সব আবদার ছিল আমার কাছে। কোন মার্কেটে যাবে, কোন জিনিসটা কিনবে, আমার সাথেই এসব নিয়ে কথা বলত।”
স্নাতকের ছাত্রী ঝুমার কোনো মোবাইল ফোন ছিল না। তা শুনে অধ্যাপক ফেরদৌসী আশ্চর্য কণ্ঠে বলেন, “এ যুগে এটাও সম্ভব।”
বোন জেবুন্নেসা বলেন, “তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছিল, সে নেয়নি। তার এটা পছন্দ না। মোবাইল ফোনে নাকি সময় নষ্ট হয়।”
অল্প বয়সে ঝুমার এভাবে মৃত্যুর বিষয়টিকে কোনো মতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
জাফর, সোলায়মান, রবিনসহ অনেকেই হাসপাতালে ছুটে আসেন ঝুমার মৃত্যুর খবর পেয়ে।
