২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোসাইটি ফর মেডিকেল ভাইরোলজিস্টসের আত্মপ্রকাশ

ভাইরোলজি চিকিৎসকদের নিয়ে ‘সোসাইটি ফর মেডিকেল ভাইরোলজিস্টস’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 02:33 AM

Updated : 08 Apr 2022, 06:18 PM

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেমিনার কক্ষে পপুলার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী জুলফিকার মামুনের সভাপতিত্বে চিকিৎসকদের এক সভায় এই সংগঠনের কমিটি হয়।

বৈঠকে বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের প্রধান ও চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনা তাবাস্সুম, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তাহমিনা শিরীন, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুনিরা জাহানসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

নবগঠিত সংগঠনের সদস্য ডা. এ কে এম মুরাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভায় সোসাইটির সদস্য হওয়ার নিয়মাবলীসহ পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তী এক বছরের মধ্যে বৈজ্ঞানিক সভা ছাড়াও একটি মেডিকেল ভাইরোলজি জার্নাল প্রকাশের সিদ্ধান্ত হয়।

জার্নালে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের গবেষণামূলক প্রবন্ধ থাকবে বলে জানান তিনি।