২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা অপ্রতুল: নূর

নানা ক্ষেত্রে মুক্তিযুদ্ধের অনেক ঘটনা এখনও অনাবিষ্কৃত থেকে যাওয়ায় ইতিহাস রচনা অসম্পূর্ণ থেকে গেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 10:15 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা, লেখা আংশিক ও অপ্রতুল। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে এখনো উঠে আসেনি।”

বাংলাদেশ ইতিহাস পরিষদের ১২তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক  ইতিহাস সম্মেলনের উদ্বোধনী আসরে প্রধান অতিথির ভাষণে তিনি মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় বুদ্ধিজীবী ও গবেষকদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

আসাদুজ্জামান নূর বলেন, “মুক্তিযুদ্ধ ছিল এক জনযুদ্ধ। এখানে সাত কোটি সাধারণ মানুষের অংশগ্রহণ, নারীর অংশগ্রহণের ইতিহাস আমাদের ইতিহাসের অত্যন্ত মূল্যবান উপাদান।  এসব সংগ্রহ করে  ইতিহাস রচনা করা  এখন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।ইতিহাসবিদরা নিজস্ব ব্যাখ্যা-বিশ্লেষণ দিয়ে মুক্তিযুদ্ধের আরো অনেক তথ্য ভাণ্ডার উন্মোচন করবেন।”

আন্তর্জাতিক  ইতিহাস সম্মেলনের উদ্বোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান উগ্রবাদ মোকাবেলায় গণচেতনাবোধ সৃষ্টিতে ‘সঠিক’ ইতিহাস চর্চায় গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “বৈশ্বিক প্রেক্ষাপটে জঙ্গিবাদ, উগ্রবাদের এক মাত্রা রয়েছে। তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে নানা গুজব,অপতথ্য প্রচার করে তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উসকে দিচ্ছে।  আমাদের দেশেও ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে নানা গুজব, অপতথ্য ছড়িয়ে তরুণদের বিভ্রান্ত করেছে। ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়েছে। একটা সময় টেক্সট বুকেও আমাদের ইতিহাস বিকৃত হয়েছে। বিকৃত ইতিহাস ও গুজবের মধ্যে কোনো তফাত নেই।

“এই প্রেক্ষাপটে তরুণদের উগ্রবাদিতা রুখতে আমাদের সঠিকভাবে ইতিহাস চর্চা করতে হবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষা ও ইতিহাস পাঠে অনীহায় ক্ষোভ প্রকাশ করেন।

১৯৭৫-পরবর্তী প্রজন্মের সন্তানরা মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানে না বলে বলেও মন্তব্য করেন তিনি।

আবদুল মান্নান বলেন, “নিজ দেশের সাহিত্য, সংস্কৃতিকে সিলেবাস ও কারিকুলামে গুরুত্ব দেওয়া হয় না। যে বিষয়ে পড়লে চাকরি পাওয়া যাবে, ছেলেমেয়েরা সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। আমি পিএসসিতে (পাবলিক সার্ভিস কমিশন) যখন পরীক্ষা নিতে যাই, তখন দেখি অনেক ছেলেমেয়ের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা নেই।”

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল সভাপতি হিসেবে ‘বাংলা ভাষা,বাঙালি জাতি, বাংলাদেশের রাষ্ট্র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে ইতিহাস পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ অনুপস্থিত থাকায় তার পক্ষে অধ্যাপক সিদ্দিকুর রহমান  লিখিত বক্তব্য পাঠ করেন।

দুদিনব্যাপী এই সম্মেলনে পরিষদ সদস্য ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ইতিহাসবিদ, শিক্ষক, গবেষক ও ডেলিগেটরা যোগদান করছেন।

সম্মেলনের প্রবন্ধ পাঠ অধিবেশনে শিক্ষক-গবেষণারা ১২টি অধিবেশনে ইতিহাসের বিভিন্ন শাখায় প্রায় শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপিত হবে।

এছাড়া একটি অধিবেশনে প্রত্নতত্ত্ববিদ ড.নাজিমুদ্দীন আহমদ স্মারক বক্তৃতা প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাবিবা খাতুন।