রাতভর দেয়াল ভেঙে তিন প্রতিষ্ঠানে লুট
রাজধানীর খিলগাঁওয়ের বাগানবাড়ি এলাকায় এক রাতে দেয়াল ভেঙে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওই এলাকার টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এসএম এন্টারপ্রাইজ, টার্বোটেক ইঞ্জিনিয়ারিং এবং টার্বোটেক সার্ভিস লিমিটেডে এ ঘটনা ঘটে।
টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মালিক প্রকৌশলী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় দুই শতাধিক লোক টিনশেড ঘরগুলোর দেয়াল ভেঙে ভেতরে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়।”
রেজাউল জানান, রাতে তার প্রতিষ্ঠানের কর্মী লিমন ফোনে বিষয়টি জানালে তিনি শেডের মালিক শওকত হোসেনকে ফোন করেন। কিন্তু শওকত তখন শরীয়তপুরে গ্রামের বাড়িতে থাকার কথা বলেন।
ঘটনাস্থলের আশপাশে টহল পুলিশ থাকলেও বিযয়টি তারা আমলে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
১২০০ বর্গফুটের আয়তনের ওই শেডগুলোর একটি দুই লাখ টাকা অগ্রিম ও ২৪ হাজার টাকা ভাড়ায় দুই বছর ধরে ব্যবহার করে আসছিল টিএনএস ইঞ্জিনিয়ারিং।
খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই প্লটগুলোর পেছনে অনেক প্লট রয়েছে। পেছনে ১২ ফুট রাস্তা থাকলেও প্লটগুলোর সামনে রাস্তা রয়েছে ৮ ফুট।
পেছনের প্লটের মালিকরা শ্রমিক দিয়ে রাতে ওই ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
টহল পুলিশের বিরুদ্ধে সাড়া না দেওয়ার অভিযোগের বিষয়ে ওসি বলেন, “টহল পুলিশ রাতে টহলে ছিল। খবর পাওয়ামাত্র পুলিশ ভোরে ঘটনাস্থলে যায়।”
শেডগুলোর মালিক শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ও তার পাশের প্লটের মালিক গোলাম মুর্তজা আট ফুট রাস্তা ছেড়েছেন। কিন্তু পেছনের প্লটের মালিক শামসুল হক রাস্তার জন্য কোনো জমি ছাড়েননি।
অভিযোগের বিষয়ে শামসুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
