গুলশানে বিদ্যুতের খুঁটিতে আগুন
রাজধানীর গুলশানে বিদ্যুতের একটি খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এত ওই এলাকা কিছু সময়ের জন্য বিদ্যুৎবিহীন হলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান এক নম্বরের দুই নম্বর সড়কে বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কাজী নাফিয়া রহমান।
তিনি জানান, প্রায় ২০ মিনিট ধরে আগুন জ্বলছিল। পরে বিতরণ কোম্পানি ডেসকোর কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
“আগুন বাড়তে থাকলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।”
ঘটনাস্থলে কর্মরত কমিউনিটি পুলিশ কর্মী নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেবল অপারেটর প্রতিষ্ঠানের কিছু লোক খুঁটিতে উঠে কাজ করে নেমে যাওয়ার পরপরই আগুন লাগে। তাদের বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হলেও তারা শোনেনি, বরং দ্রুত চলে যায়।
ডেসকোর গুলশান অঞ্চলের বিতরণ অফিসের কর্মকর্তা রেজাউল করিম বলেন, “বিদ্যুতের লাইনের সঙ্গে যুক্ত হওয়া কেবল টিভি লাইন ও ইন্টারনেট তারের সঙ্গে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয়।
“আগুনে বৈদ্যুতিক লাইনের দেড় ফুট অংশে উপরের আবরণ নষ্ট হয়েছে। আপাতত তা মেরামত এবং পরে পরিবর্তন করা হবে।”
ডেসকোকর্মীরা কাজ শেষ করার পর রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় বিদ্যুৎ আসে।
