২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের তিন রিসোর্ট-বাগান বাড়ির মালিককে দুদকে তলব

গাজীপুরে সরকারি জমি দখল করে রিসোর্ট ও বাগান বাড়ি করার অভিযোগে তিন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 07:11 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

আগামী ৭ মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বৃহস্পতিবার নোটিশ পাঠানো হয়েছে বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচায্য জানিয়েছেন।

দুদকের উপ-পরিচালক মো. আহমার উজ্জামানের সই করা নোটিশে তিনজনকে ওই দিন সকাল ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

তিন ব্যবসায়ী হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ‘সোহাগ পল্লী পিকনিক স্পট’র মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল, একই উপজেলার রাঙ্গামাটিয়ার ‘ওয়াটার ফ্রন্ট রিসোর্ট’র মালিক রফিকুল ইসলাম এবং গাজীপুর সদরের ‘আরণ্য বাংলা বাড়ির’ মালিক সোহেল আহমেদ।

তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল করা ছাড়াও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগেরও অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন প্রনব।

তিনি বলেন, সম্প্রতি এই সব রিসোর্ট ও বাগানবাড়ির মালিকদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়ে যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত দেয় দুদক।কমিশনের উপ-পরিচালক আহমার উজ্জামানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।