২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিভ্রান্তিতে ফাহিম মাসরুর

তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় করা একটি মামলায় তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের অন্যতম নেতা এ কে এম ফাহিম মাসরুরকে ‘গ্রেপ্তারের’ পর পুলিশ জানল, যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, সেই ঘটনাটি তার মাধ্যমে ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 09:36 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বুধবার সকালে ঢাকার কারওয়ান বাজার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মাসরুরকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

তখন ঢাকা মহানগর পুলিশের উপমিশনার (গণমাধ্যম) শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান ছাত্রলীগের এক নেতার করা এক মামলায় মাসরুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথাও বলেছিলেন।

কিন্তু বিকালে মাসরুরকে ছেড়ে দিয়ে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

এরপর মাসরুরের প্রতিষ্ঠান বিডিজবস এক বিবৃতিতে বলেছে, ফেইসবুক পোস্ট নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ কারণে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছিল।

দেশের সফটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মাসরুর বাংলাদেশে চাকরির সবচেয়ে বড় অনলাইন বাজার বিডিজবসের সিইও।

প্রায় দেড় যুগ আগে মাসরুর বিডিজবস প্রতিষ্ঠা করেন। তিনি বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলেরও প্রধান নির্বাহী।

Image
ফাহিম মাসরুর

ফাহিম মাসরুর

মাসরুরকে পুলিশের আটকের ঘটনাটি ঘটে গত ২২ এপ্রিল ঢাকার কাফরুল থানায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আল সাদিকের করা একটি মামলাকে কেন্দ্র করে।

৫৭ ধারায় করা মামলাটির এজাহারে মাসরুরের ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ার করার অভিযোগ আনা হয়। অভিযোগের সঙ্গে বাদী এধরনের আটটি স্ক্রিনশটও যুক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে উসকানিমূলকভাবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশের অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার অভিযোগও করা হয় এজহারে।

মামলার দুদিন বাদেই বুধবার সকালে কারওয়ান বাজারের বিডিজবসের কার্যালয়ে হানা দেন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

বেলা ১টার দিকে এডিসি নাজমুলই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ফেইসবুকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করায় তাকে (মাসরুর) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

মাসরুরকে পুলিশ নিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, গ্রেপ্তার মাসরুরকে আদালতে পাঠানো হয়েছে।

এরপর বিকাল ৫টার দিকে মাসরুরকে ছেড়ে দেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এডিসি নাজমুল, যিনি চার ঘণ্টা আগে তাকে আটকের কথা জানিয়েছিলেন।

Image
ফাহিম মাসরুরকে আটকের পর আল সাদিকের প্রশংসা ফেইসবুকে

ফাহিম মাসরুরকে আটকের পর আল সাদিকের প্রশংসা ফেইসবুকে

নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (মাসরুর) কাছ থেকে কিছু ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।”

যে অভিযোগ আনা হয়েছে, তার জন্য মাসরুর দায়ী নন বলে জানান পুলিশ কর্মকর্তা নাজমুল।

তিনি বলেন, “তার ফেইসবুক আইডির মতো আরেকটি আইডি থেকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করা হয়েছে। এটি কারা করেছে সেটাও তদন্ত করে খুঁজে বের করা হবে।”

“বিনা কারণে পুলিশ কাউকে হয়রানি করবে না। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে,” বলেন এডিসি নাজমুল।

মুচলেকা রাখার বিষয়ে তিনি বলেন, পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তাকে যাতে পাওয়া যায়, সেজন্য মুচলেকা রাখা হয়েছে।

এরপর সন্ধ্যায় বিডিজবসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, কোনো অভিযোগ না পাওয়া যাওয়ায় ব্যাপারটির সুষ্ঠু মীমাংসা হয়েছে এবং তিনি (মাসরুর) কাজে যোগদান করেছেন।”

বিষয়টি নিয়ে মাসরুরের সঙ্গে সরাসরি কথা বলা যায়নি।  

তার বিরুদ্ধে যিনি মামলা করেছেন, সেই আল সাদিক একটি সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলে তার ফেইসবুক পাতায় দেখা যায়।

তার ফেইসবুক পাতায় মাসরুর ‘গ্রেপ্তার’ হওয়ার খবর দেখে সাদিকের উদ্যোগের প্রশংসা করে ছাত্রলীগের সাবেক বিভিন্ন নেতার মন্তব্যও দেখা যায়।

বিষয়টি নিয়ে সাদিকের কোনো প্রতিক্রিয়া সরাসরি পাওয়া যায়নি।

তবে মামলার বিষয়ে তিনি ফেইসবুকে লিখেছেন, “নিজের কাছে দায়বদ্ধতা না এড়িয়ে যেতে পারার কারনেই এই মামলার বাদী আমি।”

পুরনো খবর:

বিডিজবসের সিইও ফাহিম মাসরুরকে ছেড়ে দিয়েছে পুলিশ
ভুল বোঝাবুঝির কারণে ডিএমপিতে মাসরুর: বিডিজবস