বিপুল পরিমাণ ক্লোন ব্যাংক কার্ডসহ ‘জালিয়াত’ গ্রেপ্তার
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংকের কার্ড জালিয়াতিতে জড়িত চক্রের হোতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন।
শরিফুল ইসলাম মিঠু নামের ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি চেইন শপ স্বপ্নের বনানী শাখা কাজ করতেন। গত ৯ মার্চ থেকে তিনি পলাতক ছিলেন বলে পুলিশের ভাষ্য।
মোল্যা নজরুল বলেন, “সম্প্রতি পাঁচটি ব্যাংকের কার্ড জালিয়াতির হোতা ওই ব্যক্তি। তার কাছে প্রায় দেড় হাজার ক্লোন করা কার্ড এবং কার্ড তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।”
তবে মিঠুর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি এই পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, বুধবার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
বিভিন্ন ব্যাংকের এটিএম ও পয়েন্ট অব সেলস (পিওএস) থেকে ওই অর্থ তুলে নেওয়া হয়। পরে গ্রাহকদের অভিযোগ পেয়ে ব্যাংকগুলো নিশ্চিত হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।
দুই বছর আগে কার্ড ক্লোন করে এটিএম থেকে টাকা তুলে নেওয়ার সময় ঢাকায় এক চীনা নাগরিককে আটক করা হয়েছিল। তার সঙ্গে আরও অন্তত দুজন চীনা নাগরিক জড়িত বলে তখন পুলিশ জানিয়েছিল।
তারও আগে আরেক জালিয়াতির পর এক ইউরোপীয়কে আটক করা হয়। তখন কয়েকজন ব্যাংক কর্মকর্তাও ধরা পড়েছিলেন।
বর্তমানে দেশে প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে। আর ডেবিট কার্ড রয়েছে প্রায় ৬০ লাখ। দেশের ৫৭ ব্যাংকের মধ্যে ৩৯টি ব্যাংক কার্ড সেবা দিচ্ছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে চলতি বছরের ৩০ জুনের মধ্যে সব কার্ড চিপযুক্ত করতে হবে। সব ব্যাংক এ প্রযুক্তি বাস্তবায়ন করলে কার্ড জালিয়াতি কমে আসবে।
