২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক নারী নেতৃত্বের খেতাব শেখ হাসিনার

নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 12:06 PM

Updated : 08 Apr 2022, 06:16 PM

বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ায় তিন দিনের সফরের সময় তিনি সিডনিতে ওই পুরস্কার গ্রহণ করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশটিতে সফরে থাকবেন শেখ হাসিনা।

“বাংলাদেশে লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য ২০১৮ সালের বিশ্ব নারী শীর্ষ সম্মেলনে (গ্লোবাল সামিট অব উইমেন) তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।”

বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন এই পুরস্কার দিচ্ছে।

গত বছর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই পুরস্কার পেয়েছিলেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা আজীবন সম্মাননা।”

অন্যদের মধ্যে জাতিসংঘ মহাচিব বান কি-মুন ও ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভাও এই পুরস্কার পেয়েছিলেন।

শুক্রবার সিডনিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। সেখানে তিনি নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে তাদের মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে তার সরকারের উদ্যোগ তুলে ধরে বক্তব্য দেবেন।

অস্ট্রেলিয়া সফরকালে শনিবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। আলোচনায় শিক্ষা, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, কৃষি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রাধান্য পাবে।

২২তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সর্বশেষ ২০১১ সালে অস্ট্রেলিয়া সফর করেন প্রধানমন্ত্রী।