২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ হত্যায় নতুন একজন রিমান্ডে

লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার এক ‘ধর্মীয় উগ্রপন্থিকে’ জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 08:10 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

আব্দুস সবুর নামের ওই ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের আপরেশন শাখার সদস্য বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

গত ২ এপ্রিল অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সবুরকে ১০ দিনের রিমান্ডে চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম। রোববার এ বিষয়ে শুনানি নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

পুলিশ বলছে, ২০১৫ সালের ২ নভেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় সবুরকে গ্রেপ্তার করা হয়েছিল। সে মামলায় জিজ্ঞাসাবাদে অভিজিৎ রায় হত্যায় তার ‘সম্পৃক্ততা পাওয়া যায়’।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ। চাপাতির আঘাতে আঙুল হারান বন্যা।

ঘটনার পরদিন শাহবাগ থানায় মামলা করেন অভিজিতের বাবা। এরপর বেশ কয়েকজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের খবর এলেও তিন বছরেও মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।

রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন জমার ধার্য দিনে তা জমা দিতে না পারায় আগামী ১৭ মে নতুন তারিখ রেখেছেন মহানগর হাকিম মো. গোলাম নবী। এ নিয়ে ৩৪ বারের মতো পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ।

অভিজিৎ হত্যাকাণ্ডে সবুর ছাড়া আরও নয়জনকে শনাক্ত করা হয়েছে বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জানিয়েছেন। তাদের মধ্যে একজন গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত হয়েছেন, তিনজন গ্রেপ্তার হয়ে কারাগারে এবং বাকি পাঁচজন পলাতক।

কারাবন্দি মোজাম্মেল হোসেন সায়মন, আবু সিদ্দিক সোহেল ও আরাফাত ওরফে সমছ ওরফে সাজ্জাদ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত হয়েছিলেন মুকুল রানা।