বিডিনিউজ টোয়েন্টিফোরে বৈশাখের উৎসবে মিলল সবে
বাংলাদেশের নানা অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়ে এবারও বাঙালির চিরায়ত উৎসব নববর্ষ উদযাপন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শনিবার পহেলা বৈশাখের ঘরোয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ রাজনীতিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, অভিনয়শিল্পীসহ নানা পেশার মানুষ।
দুপুর থেকে এই আড্ডা আয়োজন শুরু হয়। গল্পে গল্পে গড়িয়ে যায় বিকেল। এই আয়োজনে আড্ডা গল্পে ঘুচে গিয়েছিল বিপরীত রাজনৈতিক শিবিরের সীমা রেখাও।
সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর কথা শুনছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
রাজনীতিকদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, মাহজাবিন খালেদ।
রাজনীতিতে বিপরীতে, অনুষ্ঠানে একসাথে বিএনপি নেতা আবদুল মঈন খান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু; এই সম্প্রীতির সাক্ষী বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ও সাবেক এজিএস নাজিমউদ্দিন আলম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা ছিলেন এই উদযাপনে।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন এই অনুষ্ঠানে।
এসেছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
ডাকসুর সাবেক জিএস এম মুশতাক হোসেনের সঙ্গে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম
স্ত্রী বীণা শিকদারকে নিয়ে এসেছিলেন ডাকসুর সাবেক জিএস এম মুশতাক হোসেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, সাবেক জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, মুখ্য সচিব নজিবুর রহমান, অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খানসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা অনুষ্ঠানে যোগ দিয়ে তুমুল আড্ডায় মেতে ওঠেন।
সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর (ডানে) সঙ্গে বর্তমান মুখ্যসচিব নজিবুর রহমান
ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
পাকিস্তান গণপরিষদে প্রথম মাতৃভাষা বাংলার মর্যাদার দাবি উত্থাপনকারী ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি সমাজকর্মী অ্যারোমা দত্ত এবং শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরীও এসেছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন নুজহাতের স্বামী ডা. মামুন আল মাহতাবও।
দুই প্রজন্মের দুই অভিনেত্রী সারাহ বেগম কবরী ও নুসরাত ইমরোজ তিশা একসাথে
বৈশাখী এই আয়োজনে তারকাদেরও মেলা বসেছিল। বাংলা সিনেমার মিষ্টি মেয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর পাশাপাশি ছিলেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী অভিনেত্রী জয়শ্রী কর জয়া, চলচ্চিত্র র্নিমাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফারুক হাসান প্রমুখ।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী জাপানের উপ রাষ্ট্রদূত তাকেশি ইতোর সঙ্গে এক ফ্রেমে দুই ব্যবসায়ী নেতা এ কে আজাদ ও আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ
একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, একুশে টেলিভিশনের পরিচালক রবিউল হাসান অনুষ্ঠানে যোগ দেন।
প্রবাসী অধ্যাপক ডা. এস এম জি কিবরিয়া, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুও শামিল হন এই আড্ডায়।
বাঁ থেকে - কামাল কাদির, মাহাজাবিন খালেদ, তৌফিক ইমরোজ খালিদী, কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ
স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশে প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, সিটি ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আনন্দ জামান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান রশিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ ও তামারা আবেদ
ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক (স্ট্র্যাটেজি, কমিউনিকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট) আসিফ সালেহ, জ্যেষ্ঠ পরিচালক (ব্র্যাক এন্টারপ্রাইজ) তামারা আবেদ, ব্র্যাক ইপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল হক খান ছিলেন অনুষ্ঠানে।
বাঙালিয়ানার অনুষ্ঠানে বাঙালি সাজে এসেছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, সঙ্গে ছিলেন তার স্বামী
স্বামীকে নিয়ে অনুষ্ঠানে আসেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। ঢাকায় মালয়েশিয়ার রাষ্ট্রদূত নুর আশেকিন বিনতে মোহাম্মদ তাইব, আমেরিকান সেন্টারের ডিরেক্টর নিকোলাস প্যাপ, জাপান দূতাবাসের কর্মকর্তা তাকেশি ইতো, রাশিয়া দূতাবাসের কর্মকর্তা পাভেল ভার্জিলভ, ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তা লরেনশিয়া ব্রাহমানাসহ বিদেশি বেশ কয়েকজন কূটনীতিক যোগ দেন বাঙালির এই উৎসবে।
বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোরের বৈশাখ বরণের অনুষ্ঠানে
ছিলেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল এম শহিদুল ইসলাম, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, ইউনিসেফের বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ এডুয়ার্দ বেগবেডার, ইউনিসেফের মুখপাত্র শাকিল ফয়জুল্লাহ, সিনহুয়া নিউজ এজেন্সির ঢাকা ব্যুরো প্রধান লিউ চুনতাও।
একাত্তরের উত্তাল মার্চে পাকিস্তান দলের হয়ে ‘জয় বাংলা’ লেখা ব্যাট নিয়ে মাঠে নামা কিংবদন্তি ক্রিকেটার রকিবুল হাসানও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
রকিবুল হাসানের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনায়
অতিথিদের আপ্যায়নে সহকর্মীদের নিয়ে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
নরওয়ের রাষ্ট্রদূতকে কি মিষ্টির গুণাগুণ বলছেন তৌফিক-ই ইলাহী চৌধুরী?
কাঁচা আমের শরবত, তেতুলের রস, ডাবের পানি দিয়ে শুরু হয় অতিথিদের আপ্যায়ন পর্ব। খই, বাতাসা, তিলের খাজা, নাড়ুর মতো বৈশাখী মেলার নানা অনুসঙ্গও ছিল এতে; ছিল সিঙ্গারা, ডালপুরি, চটপটিও।
মূল খাবারে গরুর মাংস, আচারী গরু, মুরগী ভুনা, খাসীর রেজালা, লইট্যা শুঁটকি, শুঁটকি ভুনা, ছুরি শুঁটকি, মলা মাছের চচ্চড়ি, চিংড়ি করলার পাশাপাশি ছিল কয়েক ধরনের ইলিশ রান্না।
নানা ধরনের ব্যঞ্জনে আপ্যায়িত করা হয় অতিথিদের
ভর্তার মধ্যে ছিল কালিজিরা, বেগুন, টমেটো, জাম আলু, শিম, ডালসহ চিংড়ির বেশ কয়েকটি ব্যঞ্জন।
হরেক খাবারে মনযোগী অতিথিরা
সাদা ভাত ও লাল ভাতের পাশাপাশি ছিল পান্তারও ব্যবস্থা। ছিল ঢেকি ছাঁটা চালের ভাতও। সেই সঙ্গে ছিল খিচুড়ি।
শেষে ছিল নানা ধরনের মিষ্টি
রস মালাই, রস গোল্লা দই, গুঁড়ের পায়েস, তরমুজের ব্যবস্থা ছিল শেষ পর্বে। বাঙালিয়ানার পূর্ণতা দিতে পানদান ভরা পানের ব্যবস্থাও ছিল অনুষ্ঠানে।
