সোনার মানুষ পাওয়ার আশা মঙ্গলের যাত্রায়
বৈশাখের সাজে মিছিল করে এল গরু, মহিষ, হাতি, টেপা পুতুল এল সাইকেলে চেপে; শিশু কোলে সঙ্গী হলেন মা, ছানা নিয়ে চলল মা পাখি, জাল নিয়ে জেলে আর মাছের সঙ্গে বকও এল। বরাবরের মতই সামনে থাকলেন রাজা-রাণী। মঙ্গলের এই যাত্রায় আলো ছড়ালো সূর্যমুখের হাসি।
সূর্যের সেই আলোয় মনের আঁধার কাটিয়ে মানব বন্দনায় সোনার মানুষ হয়ে ওঠার আহ্বান এল এবারের বর্ষবরণ উৎসবের মঙ্গল শোভাযাত্রা থেকে।
লালনের দর্শনে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’- এই প্রতিপাদ্যে বঙ্গাব্দ ১৪২৫ কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শরিবার এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
বৈশাখের প্রথম সকালে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক রূপসী বাংলা) চত্বর ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলার সামনে এসে এই বর্ণিল যাত্রার শেষ হয়।
শোভাযাত্রার পুরোভাগে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
উপাচার্য আখতারুজ্জামান বলেন, “লালন বলেছেন, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। লালনের ‘সোনার মানুষ’ শব্দবন্ধের সাথে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ শব্দবন্ধের বেশ মিল পাওয়া যায়। এই নতুন বছরে আমাদের কামনা আমরা সোনার মানুষ হয়ে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব।”
বৈশাখী সাজে সব বয়সের সব শ্রেণি-পেশার হাজারো মানুষের এই শোভাযাত্রায় সামনে-পেছনে ঢাকের বাদ্যের তালে তালে চলে নৃত্য, হাতে হাতে ছিল বড় আকারের বাহারি মুখোশ, শোলার পাখি আর টেপা পুতুল।
শোভাযাত্রা আয়োজন কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়েছিলেন, মানুষের মধ্য প্রকৃত মানুষ হয়ে ওঠার যে আকাঙ্ক্ষা, লালন সাঁইজির গান থেকে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে সেই বারতাই তারা ছড়িয়ে দিতে চান মঙ্গল শোভাযাত্রায়। সেই ভাবনা থেকেই সাজানো হয়েছ এবারের শিল্পকাঠামোগুলো।
এবারের শোভাযাত্রার অগ্রভাগে ছিল ‘সূর্য’, যার চারদিকে ছিল সাতটি ফুল। চারুকলার শিক্ষার্থীরা জানান, মানুষকে আলোকিত করার প্রত্যয়ে এবার এই প্রতীক।
পহেলা বৈশাখের সকাল থেকেই চারুকলা-টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসমাগম বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই রাজপথ পরিণত হয় বৈশাখের লাল-সাদা জনস্রোতে। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করেই বাঙালি মেতে ওঠে উদযাপনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সদস্যরাও ছিলেন তাদের সঙ্গে। মাথার ওপর টহল দেয় র্যাবের হেলিকপ্টার।
পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে আসা সাইফুল রহমান খানিকটা বিরক্ত সুরেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তার কড়াকড়ি একটু বেশিই ছিল।”
শোভাযাত্রা শেষ করে উপাচার্য-প্রক্টরসহ শিক্ষকরা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে প্রীতি ভোজে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে পান্তা-ইলিশে বৈশাখী ভোজ সারেন উপাচার্য। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন বাম সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন এ সময়।
