‘কটাক্ষকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা চায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষকারীদের’ বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর একাংশ।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বলেন, “কোটা বাতিলের জন্য যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা নিতে হবে।”
সরকারি চাকরিতে মোট ৫৬ শতাংশ কোটা সংরক্ষণের যে নিয়ম বর্তমানে চালু রয়েছে, তার মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ।
যারা কোনো কোটা শ্রেনিতে পড়েন না, তাদের বাকি ৪৪ শতাংশ পদের জন্য প্রতিযোগিতা করতে হওয়ায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে অভিযোগ করে লাগাতার আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
তাদের দাবি ছিল মোট কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।
তাদের ওই আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে নিয়োগের কোটা পদ্ধতি একেবারেই তুলে দেওয়ার কথা বলেছেন।
বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, “বারবার এই আন্দোলন ঝামেলা মেটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল; পরিষ্কার কথা; আমি এটাই মনে করি, সেটা হল বাতিল।”
তাদের ওই আন্দোলনে বিভিন্ন প্ল্যাকার্ডে মুক্তিযোদ্ধা কোটার দিকে ইংগিত করেও বিভিন্ন স্লোগান লেখা দেখা যায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন মুক্তিযোদ্ধা আর তাদের সন্তানেরা।
হুমায়ুন কবির মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটাক্ষকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ আইন প্রণয়ন এবং সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বাতিল না করার দাবি জানান মানববন্ধনে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু এই মানববন্ধনে বলেন, “মুক্তিযোদ্ধার সন্তানরা সব সময় শেখ হাসিনার সাথে ছিল, ভবিষতেও থাকবে। কোটা বাতিল নিয়ে ষড়যন্ত্রকারীরা নানাভাবে ষড়যন্ত্র করে সফল হয়েছে। এখন একটি অধ্যাদেশের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা ব্যবস্থা বহাল রাখার দাবি জানাচ্ছি।”
তিনিও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় আইন করার দাবি জানান সরকারের কাছে।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’- এর নেতা শাহিনুল করিম বাবু বলেন, “কোটা বাতিলের আন্দোলনের নামে অনেকে মুক্তিযোদ্ধাদের অপমান করছেন। এই অপমান একদিন আপনাদের কাছে ফিরে যাবে। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করেছেন, তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করতে হবে।”
অন্যদের মধ্যে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এমদাদুল হক, ঢাকা মহানগর সভাপতি নুরুজ্জামান ভুট্টো, মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি এনামুল হক কাজল অনুষ্ঠানে বক্তব্য দেন।
