২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের মন্ত্রীরা

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াত আয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2018, 07:24 PM

Updated : 19 Aug 2022, 01:53 PM

বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও উপস্থিত আছেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আলোচনার বিষয়ে জানাবেন বলে আশা করা হচ্ছে।

উইন মিয়াত আয়ে মিয়ানমারের সমাজকল্যাণ এবং ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী। তিনি বুধবার বাংলাদেশে এসে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। গত বছর ২৫ অগাস্ট থেকে মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নের মুখে রোহিঙ্গারা পালিয়ে আসার পর দেশটির প্রথম মন্ত্রী হিসেবে রোহিঙ্গা শিবিরে গিয়েছেন উইন মিয়াত আয়ে।

কক্সবাজারের কুতুপালংয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা পরিচালিত একটি কমিউনিটি সেন্টারে প্রায় ৫০ জন রোহিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের প্রত্যাবাসনকে অগ্রাধিকার দিচ্ছেন বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন মিয়ানমারের মন্ত্রী। 

মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের ভীতি ও আস্থাহীনতার কথা স্বীকার করে উইন মিয়াত আয়ে অতীত ভুলে তাদের ‘নিজ ভূমিতে ফেরার’ প্রস্তুতি নিতে বলেছেন। রোহিঙ্গাদের জন্য নতুন করে গড়ে তোলা গ্রামে হাসপাতাল ও স্কুল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ওই বৈঠক শেষে উইন মিয়াত আয়ে বলেন, “যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সব বাধাই পেরোতে পারি।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলো দেশটির মন্ত্রীর কাছে তুলে ধরবেন তারা।

রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু করতে চায় বাংলাদেশ। তবে রোহিঙ্গাদের ফেরত যাওয়া যাতে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদার সঙ্গে হয় সেই আহ্বান রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া হবে কি না সে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী উইন মিয়াত আয়েকে। জবাবে বুধবার তিনি বলেছিলেন, “আমরা এটার চেষ্টার করছি।”

মিয়ানমার এখন রোহিঙ্গাদের ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড (এনভিসি) দিতে চাইছে, যা নিয়ে আপত্তি রয়েছে এই জনগোষ্ঠীর।

বুধবারের বৈঠকেও উইন মিয়াত আয়ে এ বিষয়ে রোহিঙ্গাদের রাজি করাতে চাইলে উত্তেজনা দেখা দেয়। এনভিসি নিলে পরে তারা নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পাবেন বলে রোহিঙ্গাদের বলেন মিয়ানমারের মন্ত্রী।

“নাগরিকত্বের জন্য আবেদন করলে তাতে অনেক সময় লাগবে এবং শেষে আপনারা তা পাবেন না। এখন এটার জন্য বেশি সময় সময় লাগবে এবং আপনারা তা পেতে পারেন। বিদ্যমান আইন অনুযায়ীই আপনারা এটা পেতে পারেন।”

এ সময় উপস্থিত রোহিঙ্গারা নিজেদের নাগরিকত্বের দাবি জানিয়ে তার পক্ষে দালিলিক প্রমাণ হিসেবে বাবা-মা ও দাদা-দাদির জাতীয় পরিচয়পত্রের নথি তুলে ধরেন।

বৈঠকে মন্ত্রীর কথায় আশ্বস্ত হতে না পেরে তাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন উপস্থিত রোহিঙ্গাদের অনেকে।

তাদেরই একজন বুথিডংয়ের মোহাম্মদ শোয়াইফ (২৯) রয়টার্সকে বলেন, “মন্ত্রী এখানে আসছেন শুনে খুব খুশি হয়েছিলাম। কিন্তু তার বক্তব্য শোনার পর আমি খুবই হতাশ।

“মিয়ানমার সরকার সমস্যার সমাধান চায় না।”

পুরনো খবর:

রোহিঙ্গাদের দ্রুতই ফিরিয়ে নেওয়া হবে: মিয়ানমারের মন্ত্রী