প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন ফরাসি দূতের সাক্ষাৎ
বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যাকে চায়, তাকেই বেছে নেবে।
বাংলাদেশের ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত ম্যারি-আনিক বরদিন মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করেন নতুন ফরাসি দূত।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলেছেন।”
১৯৭৫ সালে জাতির জনকের হত্যাকাণ্ডের পর সামরিক স্বৈরশাসনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করি’।”
এই সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনগুলো স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের প্রার্থীরাও পরাজিত হয়েছেন।
এই নির্বাচনগুলোতে স্বাভাবিক পরিবেশ থাকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “জনগণ বেছে নেবে; কাকে তারা নির্বাচিত করতে চায়।”
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইহসানুল করিম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “ফ্রান্স এই বিষয়ে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে এবং তা অব্যাহত থাকবে। ফরাসী এনজিওগুলোও এজন্য কাজ করছে।”
জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলার বিষয় ছাড়াও দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
এসময় মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
