কোটা: আন্দোলনকারীদের উপর পুলিশি আক্রমণের তদন্ত দাবি
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী কর্মকর্তাদের শাস্তি দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার নামে সরকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে বলেও মন্তব্য করেছেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে দেশজুড়ে শোরগোলের মধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ নিয়ে সংবাদ সম্মেলনে আসে।
সংবাদ সম্মেলনে সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ কমিটিতে থাকা বিএনপি সমর্থক আইনজীবীরা থাকলেও অনুপস্থিত ছিলেন আওয়ামী লীগ সমর্থকরা।
কোটা সংস্কারের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে আসছেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিএনপি।
আন্দোলনকারী শিক্ষার্থীরা গত রোববার শাহবাগে অবস্থান নিলে রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের উঠিয়ে দেয় পুলিশ। পুলিশের আক্রমণে অর্ধ শতাধিক আহত হন।
বার সভাপতি জয়নুল আবেদীন পুলিশ হামলা তদন্তে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে বলেন, “জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনা উচিত।”
তিনি বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে উল্টো মামলা হলে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।
কোটা সংস্কারের চলমান অন্দোলনকে সমর্থন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “সরকার এই আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করে আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত করতে চায়। আলোচনার নামে সময়ক্ষেপণ করা হচ্ছে।”
এদিকে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে সমিতি ভবনের সামনে সমাবেশ করেছে ‘সাধারণ আইনজীবীবৃন্দ’ ব্যানারে একদল আইনজীবী।
সমিতি ভবনের সামনে ‘সাধারণ আইনজীবীবৃন্দ’ ব্যানারে সমাবেশ
এই সমাবেশে বক্তব্য দেন আখতারুল ইসলাম, হাসনাত কাইয়ুম, আইনুন নাহার সিদ্দিকা, অনিক আর হক, জ্যোতির্ময় বড়ুয়া, আনোয়ার হোসেন রেজা, হুমাউন কবীর, রিয়াজুল ইসলাম, হাসান তারিক চৌধুরী সোহেল, আরিফুল হক রোকন প্রমুখ।
সমাবেশে তারা বলেন, কোটা সংস্কারের দাবিটি ‘গণদাবিতে পরিণত হয়েছে’। তাদের এই দাবি বা আন্দোলনকে দলীয় সংকীর্ণতার জায়গা থেকে দেখা ঠিক হবে না।
