২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সংস্কার আন্দোলন: কাদেরের সঙ্গে বসছে আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে সংঘাত-সংঘর্ষের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যাচ্ছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 03:03 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

সোমবার বিকাল সাড়ে ৪টায় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে মন্ত্রী বৈঠকে বসবেন বলে সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ জানিয়েছেন।

এর আগে বেলা আড়াইটার দিকে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের মুখপাত্র হাসান আল মামুন বৈঠকে যাওয়ার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র মামুন বলেন, “আমাদের মধ্যে থেকে ১০ জন ছেলে ও ১০ জন মেয়ে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে। আমরা বৈঠক করে এসে সিদ্ধান্ত জানাব। তার আগ পর্যন্ত আন্দোলন চলবে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে হাসান আল মামুন বাংলা একডেমির সামনে গিয়ে সেখানে অবস্থান নিয়ে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি অনুরোধ করেন, শিক্ষার্থীদের আন্দোলনে যেন পুলিশ আর টিয়ারশেল না ছোড়ে বা ধাওয়া না দেয়। 

এরপর রাজু ভাস্কর্যের কাছে আন্দোলনকারীদের অবস্থানে এসে তিনি বলেন, “আমরা পুলিশকে অনুরোধ করেছি আমাদের দিকে হামলা না চালাতে। আপনারাও পুলিশের দিকে কোনো ঢিল ছুড়বেন না।

“সেটা করলে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের জীবন হুমকিতে পড়বে, আমাদের জীবনটা নষ্ট করবেন না। আপনারা সীমা অতিক্রম করবেন না। আমরা বৈঠক শেষে ফিরে এসে সিদ্ধান্ত জানাব। আপনারা ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন।”

সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে তারা শাহবাগে অবস্থান নিলে রাতে পুলিশ তাদের লাঠিপেটা করে এবং রাবার বুলেট-কাঁদুনে গ্যাস ছুড়ে সরিয়ে দেয়।

কিন্তু এরপর এরপর বিক্ষোভ আর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। রাত দেড়টা থেকে ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ভ্যাপক ভাঙচুর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্রী গভীর রাতে হল থেকে বেরিয়ে এসে টিএসসিতে অবস্থান নিয়ে থাকে। টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে রাতভর।

সকালে নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, এটা সাধারণ বিক্ষোভকারীদের হামলার ঘটনা ছিল না। ‘প্রশিক্ষিত’ হামলাকারীরা মুখোশ পড়ে এসেছিল ‘প্রাণনাশের’ জন্য।

অন্যদিকে আন্দোলনকারীরা এক ব্রিফিংয়ে দাবি করে, উপাচার্যের বাসভবনে হামলা-ভাঙচুরের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। ওই হামলা চালিয়েছে বাইরের সন্ত্রাসীরা।

রোববার থেকে সারা দেশে অন্তত ৪০ জন আন্দোলনকারীকে পুলিশ আটক  করেছে জানিয়ে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্রিফিংয়ে বলা হয়, তাদের মুক্তি দেওয়া না হলে বিকাল থেকে ‘সারা বাংলায় ছাত্র জনতার দাবানল জ্বলবে’।

রোববার রাতে সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ক্যাম্পাসে গিয়ে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ব্যপারে অবগত আছেন। তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সোমবার বেলা ১১টায় আন্দোলনকারীদের সঙ্গে বসার নির্দেশ দিয়েছেন।

তখন আন্দোলনকারীদের কোনো সাড়া পাওয়া না গেলেও সোমবার তাদের সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

ওই ব্রিফিংয়ের পর আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আবারও বিক্ষোভ শুরু করে। পরে শাহবাগ, টিএসসি, দোয়েলচত্বর, কার্জন হল, শহীদ মিনার,টিএসসি, শাহবাগ ঘুরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

এদিকে দুপুরে দুটি বাসে করে ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আসেন।

জাবালে নূর ও তেঁতুলিয়া পরিবহনের বাস দুটির মধ্যে তেঁতুলিয়া পরিবহনের বাসটি সেন্ট্রাল লাইব্রেরির পেছনে  রাখা হয়। আর  শিক্ষার্থীদের নামিয়ে অপর বাসটি রোকেয়া হলের সমনে থেকে চলে যায়।

একটি বাসের চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে জবাবে বলেন, “সোহাগ ভাই(ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সভাপতি সাইফুর রহমান সোহাগ) মিরপুর থেকে ছেলেপেলে আনাইছে।”

কর্মীদের কেন আনা হয়েছে, সে বিষয়ে ছাত্রলীগ সভাপতির বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

তবে তেঁতুলিয়া পরিবহনের বাসে করে আসা উত্তরখান মডেল কলেজের ছাত্র তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের সম্মেলন আছে, আজকে সেটার জন্য একটা আনন্দ র‌্যালি আছে। সম্মেলনের জন্য আগে থেকে আমরা একত্রিত হচ্ছি।”

আরেকটি বাসে আসা মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রায়হান ইসলাম ফারিন বলেন, “প্রোগ্রাম আছে তাই এসেছি।”

তবে কী প্রোগ্রাম আছে- তা বলতে পারেননি তিনি।

বেলা দেড়টার দিকে একদল ছত্রলীগ কর্মী চারুকলা অনুষদের সামনে জড়ো হলে কাছেই রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এরই মধ্যে সেখানে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন রিপু আহমেদ মারধরের শিকার হন। পরে তাকে আহত অবস্থায় সরিয়ে নিতে দেখা যায়।

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের এই বিক্ষোভ সোমবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে রোকেয়া সরণি অবরোধ করলে ফার্মগেইট থেকে মিরপুরের পথে ও শ্যমলীতে তীব্র যানজটের সৃষ্টি  হয়। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। 

শেরেবাংলা থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও দুপুরের পর তাদের ক্যাম্পাসের কাছে রামপুরা ব্রিজ অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। আধা ঘণ্টা পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে তারা রাস্তা ছেড়ে দেয়।

দুই বছর আগে ভ্যাটবিরোধী আন্দোলনে সামনের সারিতে থাকা ইউল্যাব শিক্ষার্থীরা বিকালে ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে অবস্থান নিয়ে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায়।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা আরিচা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নগরীর ষোলশহর স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ করে।