২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসি ও স্বজনের চালক দুই দিনের রিমান্ডে

দুই বাসের চাপায় কলেজছাত্র রাজীবের হাত হারানোর ঘটনায় গ্রেপ্তার বিআরটিসি ও স্বজন বাসের চালককে দুই দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

আদালত প্রতিবেদক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 08:04 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

পুরনো খবর:

রাজীবের জন্য চাকরির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকার মহানগর হাকিম মো. আব্দুল্লাহ আল মাসুদ বৃহস্পতিবার এ আদেশ দেন। শুনানি হয় তার খাস কামরায়।

স্বজন বাসের চালক মো. খোরশেদ (৫০) ও বিআরটিসি বাস চালক মো. ওয়াহেদ আলীকে (৩৫) আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এস আই আফতাব আলী ।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের নাম ঠিকানা সন্দেহজনক হওয়ায় তা যাচাই এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পুলিশ রিমান্ডে দেওয়া হোক।

দুই আসামির মধ্যে খোরশেদের বাড়ি চাঁদপুরের মতলবে। আর ওয়াহেদের বাড়ি নওগাঁ সদরে। খোরশেদ ঢাকার দারুসসালামে এবং ওয়াহেদ আদাবরে থাকেন। 

এদিকে যেভাবে বিচারকের খাস কামরায় এই রিমান্ড শুনানি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের কেউ কেউ। 

এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রকাশ্য আদালতে শুনানি হওয়া উচিৎ। কেন বিচারক খাস কামরায় শুনানি নিলেন তা বুঝতে পারছি না।”

আদেশের পর আদালতের বারান্দায় আসামিদের ছবি তুলতে গেলে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেয় পুলিশ। কিছুসময় বসিয়ে রাখার পরে তার মোবাইল ফেরত দেওয়া হয়।

আসামি খোরশেদ সংবাদিকদের বলেন, তিনি স্বজনের যে গাড়িটি চালান, তার মালিক বিআরটিএ-এর একজন কর্মকর্তা। তবে তার নাম জানতে চাইলে অপরগতা প্রকাশ করেন খোরশেদ।

Image
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাজীবকে বৃহস্পতিবার দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাজীবকে বৃহস্পতিবার দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

দুদিন আগে বাসে করে কলেজে যাওয়ার পথে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে দুর্ঘটনার শিকার হন সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব। দুই বাসের চাপায় পড়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই ঘটনায় বেপোরোয়া গাড়ি চালানো এবং গুরুতর আহত করার অভিযোগে দণ্ডবিধির ২৭৯/ ৩৩৮(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়।

২৭৯ ধারার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায়। আর ৩৩৮(ক) ধারার দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

রাজীবের মাথার আঘাত ‘বড় সমস্যা’

হাত হারানো রাজীবের অবস্থা স্থিতিশীল থাকলেও তার মাথায় আঘাত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।

রাজীব এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার তাকে দেখে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শামসুদ্দীন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজীবেব হাতের ব্যাপারে যত না চিন্তা, তার চেয়ে বড় চিন্তা মাথার আঘাত নিয়ে।”

মাথার আঘাতের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে চিকিৎসা চলছে বলে জানান তিনি।

“এ অবস্থায় মাথায় অপারেশন করা সম্ভব না। তবে যে কোনো মূহুর্তে অপারেশন লেগে যেতে পারে।”
রাজীবের খালা খাদিজা বেগম লিপি বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সারাদিন ঘুমিয়ে কাটিয়েছেন রাজীব। কোনো কথা বলেননি।