২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নববর্ষের অনুষ্ঠানে ফিরছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

পুলিশের কাছ থেকে নিরাপত্তার ‘প্রতিশ্রুতি’ পেয়ে দুই বছর বিরতির পর এ বছর রাজধানীতে পহেলা বৈশাখে নববর্ষের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 05:05 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে একাধিক বৈঠকের পর ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জোটের আয়োজনে ‘পর্যাপ্ত নিরাপত্তা দেবেন’ বলে প্রতিশ্রুতি দেওয়ার পর জোট এ বছর অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে জোট সভাপতি গোলাম কুদ্দুছ জানান, রবীন্দ্র সরোবরে পহেলা বৈশাখে নববর্ষের অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছেন তারা। বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে- প্রশাসনের এমন নির্দেশনায় ক্ষুব্ধ হয়ে ২০১৬ সাল থেকে রাজধানীতে নববর্ষের অনুষ্ঠান আয়োজন থেকে বিরত ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এবারও একই নির্দেশনা থাকলেও রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চালাতে কোনো বাধা থাকবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সভায়ও একই সিদ্ধান্ত হয়েছিল।

তারপর এক ঘণ্টা সময় বাড়ানোর আবেদন করা হলে জোট নেতাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে জানান গোলাম কুদ্দুছ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম কুদ্দুছ বলেন, “বিগত কয়েক বছর ধরে অতিরিক্ত সতকর্তা ও কড়া নিরাপত্তা বজায় রাখতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো মানুষের স্বাভাবিক উদযাপনকে সংকুচিত করে ফেলেছে, সাংস্কৃতিক প্রবাহ প্রাণহীন করে ফেলেছে, যা আমাদের ঐতিহ্যবিরোধী। “

এক প্রশ্নে তিনি বলেন, “পহেলা বৈশাখের মেলা মূলত গ্রামীণ লোকজ সংস্কৃতির এক প্রদর্শনী। এটা কৃষকের মেলা। সারা দিন খেটে কৃষক আসবেন বিকালে। তখন বিকাল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিলে তারা মেলায় আসবেন কি করে? একদিনের মেলায় গ্রামীণ হস্তশিল্পী, কুটির শিল্পীরা কিভাবে উপকৃত হবেন? একদিনের উপলক্ষে তো তারা বিভিন্ন উপকরণ তৈরি করছেন না। কমপক্ষে এক সপ্তাহব্যাপী মেলা না হলে পহেলা বৈশাখের আয়োজন ক্রমেই প্রাণ হারাবে, হারাবে তার স্বাভাবিক চরিত্র।”

তার সঙ্গে সহমত পোষণ করে বক্তব্য দেন জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক হাসান আরিফ ও বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর।

সেগুনবাগিচা, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগের বিভিন্ন ঐতিহাসিক স্থান, স্থাপনাকে কেন্দ্র করে রাজধানীতে ‘সোনার বাংলা সাংস্কৃতিক বলয়’ গড়ে তোলার পরিকল্পনা করেছিল সরকার। আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৭ সালে এই পরিকল্পনা গ্রহণ করে। ২০১৬ সালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এই বলয়ের নকশা চূড়ান্ত হওয়ার কথা বললেও এর কার্যক্রম এখনও দৃশ্যমান হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নে নাসিরউদ্দীন ইউসুফ বলেন, “সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ের কাজ নকশাতেই আটকে আছে। কোনো অগ্রগতি নেই। সংস্কৃতিকর্মীরা এ বিষয়ে বিষদ কিছু জানি না।”

দেশের বিভিন্ন উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কাজে ধীরগতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে জোট নেতাদের কাছ থেকে।

গোলাম কুদ্দুছ বলেন, “যে গতিতে কাজ এগোচ্ছে, তাতে মন হয় না আগামী ১০ বছরে সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ হবে।”

বিভিন্ন আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতিতে উদযাপন কেবল রাজধানীকেন্দ্রিক না হয়ে, উপজেলা ও গ্রামেও করা যেতে পারে বলে পরামর্শ দেন জোট নেতারা।

সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের এক শতাংশ সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের দাবি উঠে আসে সংবাদ সম্মেলনে ।দেশব্যাপী গুম, খুন ও ধর্ষণের প্রতিবাদও জানান জোটের নেতারা।

পুরনো খবর:

বৈশাখের অনুষ্ঠান এবারও বিকাল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ