বিচারপতি নিয়োগের আইনে বিলম্বে অসন্তোষ সংসদীয় কমিটির
উচ্চ আদালতের বিচারক নিয়োগে যোগ্যতা নির্ধারণ করে আইন প্রণয়নে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয় আগেই বলেছিলো তারা আইন করছে। কিন্তু এখনও সেটা হয়নি। আমরা অসন্তোষ প্রকাশ করেছি এবং সংবিধানের ৯৫ (১) (গ) অনুচ্ছেদ অনুযায়ী অনতিবিলম্বে আইনটি করতে বলেছি।”
বাংলাদেশের সংবিধানে বলা আছে, প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি উচ্চ আদালতের বিচারককে নিয়োগ করবে। সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা থাকতে হবে বলেও উল্লেখ রয়েছে।
দীর্ঘ দিনেও সেই আইনটি না হওয়ায় সংবিধানের ষোড়শ সংশোধনী উচ্চ আদালতে বাতিলের রায়ের পর এ সংক্রান্ত আইনের কথা সংসদে তুলেছিলেন কয়েকজন আইনপ্রণেতা।
জাতীয় পার্টির সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু গত নবম সংসদে ২০১২ সালে এ সংক্রান্ত একটি বেসরকারি বিল সংসদে তোলেন। যদিও সেটি আলোর মুখ দেখেননি।
২০১৬ সালে আইন কমিশন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পেশ করা তাদের প্রতিবেদনে এ সংক্রান্ত আইনের খসড়া জমা দিয়েছিলো।
খসড়া আইনটির প্রসঙ্গে জানতে চাইলে মতিন খসরু বলেন, “আইন কমিশনের ওই খসড়া এখনও আমাদের কাছে আসেনি।”
সংবিধানের ষোড়শ সংশোধনী পাসের পর এ সংক্রান্ত আইন দ্রুত পাস করার কথা বলেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আদালতের রায়ের পর সে বিষয় আর এগোয়নি। গত ডিসেম্বরে উচ্চ আদালতের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে সরকার।
সংসদ সচিবালয়ের সংসদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় কমিটির বৈঠকে জেলা জজ আদালতে অধস্তন কর্মচারী নিয়োগে জেলাভিত্তিক নিয়োগ, সহকারী জজদের জন্য কম্পিউটার অপারেটর পদ সৃজন, বার কাউন্সিলের কাঠামোগত উন্নয়ন, বিচারকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করা হয়।
এছাড়া কমিটি বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশন, মামলা দ্রুত নিষ্পত্তিসহ মামলার জট কমানো ও মিথ্যা মামলা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন এবং শামসুল হক টুকু অংশ নেন।
