২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ক্রিকেটে রানার্সআপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের কাছে হেরে সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 05:15 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে এক রানে জিতে চ্যাম্পিয়ন হয় চ্যানেল টোয়েন্টিফোর।

সিক্স-এ সাইডের এই খেলায় টসে জিতে ফিল্ডিং নেয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম; আটসাঁট বোলিংয়ে ৭২ রানে বেঁধে ফেলে চ্যানেল টোয়েন্টিফোরকে।

৭৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দুর্দান্ত সূচনা করে দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। জেতার জন্য শেষ ওভারে ৮ রানের প্রয়োজন থাকলেও শেষ ছয় বল থেকে আসে ৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান ক্রিকেট করেসপনডেনট আরিফুল ইসলাম রনি ৩২ রান করে আউট হন। দলের অধিনায়ক কামাল হোসেন তালুকদার ১৮ এবং নুরুল ইসলাম হাসিব ১৩ রানে অপরাজিত ছিলেন।

এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর পুরস্কার পান রনি। টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি।

প্রথম রাউন্ডে দৈনিক সংবাদ প্রতিদিনকে ৪৩ রানে, দ্বিতীয় রাউন্ডে দৈনিক ইত্তেফাককে ৫ উইকেটে এবং তৃতীয় রাউন্ডে গাজী টিভিকে ৩ উইকেটে পরাজিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সোমবার কোয়ার্টার ফাইনালে দৈনিক আলোকিত বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে পৌঁছায় সেমিফাইনালে।

সকালে সেমিফাইনালে বাংলা ভিশনকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), নুরুল ইসলাম হাসিব, আরিফুল ইসলাম রনি, মইনুল হক চৌধুরী, শহীদুল ইসলাম, কাজী মোবারক হোসেন, ফারহান ফেরদৌস, তাবারুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার ম্যানেজার এবং বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম কোচের দায়িত্বে আছেন।