২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা হত্যাচেষ্টা: আপিলের শুনানি শুরু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ আসামির প্রাণদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডের রায়ের অনুমোদন) ও কারাবন্দি আসামিদের করা আপিলের শুনানি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 01:47 AM

Updated : 08 Apr 2022, 06:10 PM

সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আসামিপক্ষের আইনজীবী ইয়ারুল ইসলাম শুনানি শুরু করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম জহিরুল হক ও সহকারি অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম।

গত বছরের ২০ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম ১০ জঙ্গির প্রাণদণ্ড দেন।

রায়ে বিচারক গুলি করে প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। এছাড়া চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার এজাহার, অভিযোগ পত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থাপনের মধ্য দিয়ে আসামি পক্ষের আইনজীবী ইয়ারুল ইসলাম প্রথম দিনের শুনানি করেন।”

আগামী সোমবার পর্যন্ত শুনানি মুলতবি হয়েছে বলে তিনি জানান।

রায়ের চারদিনের মাথায় গত বছরের ২৪ আগস্ট মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য এ মামলার রায়সহ সকল নথি হাই কোর্টে পাঠানো হয়; যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।

এরপর প্রধান বিচারপতির কাছে নথি উপস্থাপন করা হলে তিনি জরুরী ভিত্তিতে পেপারবুক তৈরির নির্দেশ দেন।

প্রধান বিচারপতির নির্দেশে এরইমধ্যে পেপারবুক তৈরি করা হয়। এরপর মামলাটি শুনানির জন্য প্রস্তুত শেষে কার্যতালিকায় ওঠে।

বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, ওয়াশিম আখতার ওরফে তারেক হোসেন, মো. রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, মো. ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই এবং মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর। 

এছাড়া মেহেদি হাসান ওরফে আবদুল ওয়াদুদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আসামি আনিসুল ওরফে আনিস, মো. মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান এবং সরোয়ার হোসেন মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়।

২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়।

শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি চায়ের দোকানের পেছনে এ বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন মামলা দায়ের করেন।

২০০১ সালের ৮ এপ্রিল ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীতে ২০০৯ সালের ২৯ জুন আরও নয় জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।

এরপর ২০১০ সালে মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা-২ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়