রাজধানীর ওয়ারিতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর ওয়ারিতে কুপিয়ে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার রাতে ওয়ারির জয়কালী মন্দিরের পাশে সুইপার কলোনির পেছনের গলিতে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বলে ওয়ারি থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
“ধারণা করা হচ্ছে রাত সাড়ে ৮টার দিকে তার ওপর হামলা হয়েছে। তার গলার শ্বাসনালী এবং পিঠে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।”
তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ২৪ বছর বলে জানান পুলিশ কর্মকর্তা সেলিম।
