২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়মের কড়াকড়ির মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

প্রশ্নফাঁস ঠেকাতে নিয়মের কড়াকড়ির মধ্যে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, যাতে ১৩ লাখের বেশি শিক্ষার্থী এবার অংশ নিচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 10:15 AM

Updated : 19 Aug 2022, 01:50 PM

আড়াই হাজারের বেশি কেন্দ্রে সোমবার সকাল ১০টায় প্রথম দিনের পরীক্ষা শুরু হলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যানজটের ঝক্কি সামলে পরীক্ষার্থীদের কেন্দ্রে হাজির হয়ে আসনে বসতে হয়েছে সাড়ে ৯টার মধ্যে।

প্রথম দিন এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং ডিআইবিএস-এ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআর মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং বিকালে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী সরকারি আলিয়া মাদ্রাসায় উচ্চ মাধ্যমিকের কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “নানাভাবে প্রতিদিনই নতুন নতুন সমস্যা হয়ত যুক্ত হচ্ছে। আমাদের জানার মধ্যে যা যা আছে বা আপনারা (সাংবাদিকরা) আমাদের যা জানিয়েছেন, এই সবকিছু মোকাবেলা করে পরীক্ষা নকলমুক্ত বা প্রশ্নফাঁসমুক্ত বা যে কোন ধরনের সমস্যামুক্ত করবার জন্য মানুষের পক্ষে যা করা সম্ভব, আমাদের এই বাস্তবতায় সবই করেছি।”

এবারের এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

 

>> এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন।

>> এই পরীক্ষার্থীদের মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে এক লাখ ১২৭ জন আলিম, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ১৭ হাজার ৭৫৪ জন এইচএসসি বিএম এবং ৯৬৯ জন ডিআইবিএস পরীক্ষা দিচ্ছে।

>> মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র এবং ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।

>> এবার ৮ হাজার ৯৪৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা নেওয়া হচ্ছে মোট দুই হাজার ৫৪১টি কেন্দ্রে। এর মধ্যে বিদেশের সাতটি কেন্দ্রে ২৯৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

>> গতবারের মতই ২৮টি বিষয়ের ৫৪টি পত্রের পরীক্ষা এবার সৃজনশীল প্রশ্নে হচ্ছে। গত বছরও ৫৪টি পত্রে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয়।

>> এবারো দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারছেন। এ ধরনের পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন।

>> আর অটিস্টিকসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট সময়। তারাও অভিভাবক, শিক্ষক বা সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস মহামারির পর্যায়ে চলে যাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়াকড়ির মাত্রা বাড়িয়েছে। 

মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হচ্ছে। কেউ পাঁচ-দশ মিনিট দেরি করলে তার দেরির কারণসহ নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর নথিভুক্ত করে রাখার নিয়ম হয়েছে।

অবশ্য প্রথম দিনের পরীক্ষায় সময়ের ওই নিয়মের ক্ষেত্রে খুব একটা কঠোর হননি শিক্ষকরা। সকালে ঢাকার বাংলাদেশ নৌবাহিনী কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের পরেও পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছেন। প্রথমে তাদের অনুমতি দেওয়া না হলেও পরে সবাইকেই প্রবেশ করতে দেওয়া হয়েছে।

এ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক রেহনুমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টায় বাসা থেকে বের হলেও যানজটের কারণে পৌঁছাতে ৯টা ৪০ বেজে যায়।

“অনেকেই পরীক্ষা জন্য এসে গাড়ি পার্ক করে রেখেছে। পুলিশ স্মৃতি কলেজ থেকে বি এন কলেজ পর্যন্ত পুরো রাস্তায় জ্যাম। পরে বাধ্য হয়ে হেঁটে এসেছি। ছেলেটার এ কারণে দেরি হয়েছে।”

দেরি করে আসা শিক্ষার্থীদের কয়েকজনকে বাইরে দাঁড় করিয়ে রাখা হলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তখন কলেজের একজন শিক্ষক মাইকে ঘোষণা দিয়ে বলেন, সব শিক্ষার্থীই পরীক্ষা দিতে পারবে, তারা যেন শান্ত থাকেন।

যানজট থাকলেও যেন পরীক্ষার্থীরা সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে পারেন, সেভাবেই বাসা থেকে বের হতে অনুরোধ করেন এই শিক্ষক।

কড়াকড়ি ছিল অন্যান্য ক্ষেত্রেও। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে স্বচ্ছ ফাইল নিয়ে। প্রয়োজনে তল্লাশিও করা হয়েছে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য সবার ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আছে আগের মধ্যেই। ভারপ্রাপ্ত কর্মকর্তাও এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, যা দিয়ে ছবি তোলা যায় না।

ফাঁস ঠেকাতে এবার প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হচ্ছে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে সেই তথ্য জানানো হচ্ছে কেন্দ্র সচিবকে। তারপর সিকিউরিটি টেপ ও সিলগালা ভেঙে খোলা হচ্ছে প্রশ্নের প্যাকেট।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ওও পরীক্ষা সংশিষ্টরা বাদে অন্যদের ঢোকার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

পুরনো খবর:

এইচএসসিতে বসছে ১৩ লাখ শিক্ষার্থী