২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিবিএক্সের ‘কর ফাঁকি’র রিট আবেদনের শুনানি মুলতবি

সমুদ্রপথে পণ্য পরিবহনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হাপাগ-লয়েডের দেশীয় এজেন্ট ও মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান জিবিএক্স লজিস্টিকসের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচার সংক্রান্ত রিট আবেদনের শুনানি ২৭ মে পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 12:47 AM

Updated : 19 Aug 2022, 01:50 PM

একই সঙ্গে শিপিং কোম্পানি বা তাদের এদেশীয় এজেন্টগুলো অর্থপাচার বা কর ফাঁকি দিচ্ছে কি না, সে বিষয়ে পূর্ববর্তী রায়ের আলোকে জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিয়েছে, তা এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে একই আইনজীবীর একই ধরনের রিট আবেদন খারিজ এবং এ সংক্রন্ত একটি মামলার রায়ের পর এই রিট আবেদনটি গ্রহণযোগ্য (মেইটেনেবল) কি না, সে নিয়ে প্রশ্ন উঠলে আদালত এ আদেশ দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীরা।

জিবিএক্স লজিস্টিকসের বিরুদ্ধে মতিউর রহমান নামে একজন আইনজীবী সম্প্রতি রিট আবেদনটি করেন।

এর আগেও এই কোম্পানিটির বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগে একটি রিট আবেদন করেছিলেন; যেটি খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, ফিদা এম কামাল; সঙ্গে ছিলেন শাহীন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

জিবিএক্স লজিস্টিকসের পক্ষে ছিলেন ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আসাদুজ্জামান। আর হাপাগ লয়েয়েডের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম।

শাহীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রিট আবেদনটি গত ৭ মার্চ শুনানির জন্য উঠেছিল।

“কিন্তু রিট শুনানির আগে জিবিএক্স লজিস্টিকসের বিরুদ্ধে রিটকারীর উত্থাপিত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন পর্যন্ত কী ব্যবস্থা গ্রহণ করেছে বা এ বিষয়ে তাদের বক্তব্য কী, সেটা জানতে চেয়ে রিটকারীকে চিঠি দিতে বলে আদালত। এবং রিট শুনানি রোববার পর্যন্ত মুলতবি রাখে। দীর্ঘ এই সময়ের মধ্যে সরকারের এই তিন সংস্থা থেকে কোনো উত্তর না আসায় আদালত শুনানি ২৭ মে পর্যন্ত মুলতবি রেখেছে। এই সময়ের মধ্যে এই তিন সংস্থার বক্তব্য জানতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সংক্রান্ত পূর্ববর্তী একটি মামলার রায়ের নির্দেশনার আলোকে শিপিং কোম্পানি এবং তাদের এদেশীয় এজেন্টগুলো অর্থ পাচার বা কর ফাঁকি দিচ্ছে কি না; দিয়ে থাকলে জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা গ্রহণ করেছে বা করছে, তা আগামী ২৭ মে’র মধ্যে আদালতকে জানানোর নির্দেশনা দিয়ে আমাকে জানাতে নির্দেশ দিয়েছেন।”

সাজু বলেন, “এ সংক্রান্ত পূর্ববর্তী রায়ের আলোকে জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকে নোটিস দিয়ে আদালত বলেছিল, শিপিং কোম্পানি বা শিপিং অ্যাজেন্টগুলো অর্থ পাচার বা কর ফাঁকি দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রয়োজনীয় নেওয়ার জন্য।”

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগেও একই বিষয়ে আদালত সিরিয়াস কিছু অবজারভেশন দিয়েছিল। ফলে তারা বলেছিলেন যে রিট আবেদনটি গ্রহণযোগ্য নয়।

খুরশীদ বলেন, “শিপিং কোম্পানি বা তাদের এজেন্টগুলো অর্থ পাচার করছে কি না বা কর ফাঁকি দিচ্ছে কি না, এসব বিষয়ের উপর ডাইরেকশন চাচ্ছে রিটকারী। আমরা আদালতে বললাম, একই নেচারের একটা জাজমেন্ট কদিন আগেই দিয়েছেন। সেখানে বলেই দেওয়া হয়েছে এ ধরনের নিউ মেটারিয়াল যদি থাকে তাহলে দুদক অনুসন্ধান করতে পারে। দুদক যদি সে অভিযোগ না নেয় সেক্ষেত্রে থানায় গিয়ে মামলা করতে পারে। থানা মামলা না নিলে স্পেশাল জজ কোর্টে মামলা করা যাবে। অলটারনেটিভ রিমেডিসের (বিকল্প প্রতিকারের) ব্যবস্থা তো আছেই। ফলে এই রিটটি মেইনটেনবল না।”

এর আগে কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে জিবিএক্সের পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এই ধরনের আবেদনের পেছনে তাদের ‘ব্যবসায়িক প্রতিপক্ষ কেউ থাকতে পারে’।

মতিউর রহমানের দায়ের করা ওই রিট আবেদনে বলা হয়, ২০১২ সালে হাপাগ-লয়েডের এজেন্ট ছিল এসডব্লিউ শিপিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। সে বছর তারা কন্টেইনার সরবরাহ করে কমিশন হিসেবে সাত কোটি ৮১ লাখ টাকা আয় করে।

“অথচ জিবিএক্স লজিস্টিকস লিমিটেড ২০১৪ সালে তাদের অর্থনৈতিক নিরীক্ষায় দেখিয়েছে, এসডব্লিউ শিপিং কোম্পানির চেয়ে দ্বিগুণ কন্টেইনার সরবরাহ করে আয় করেছে মাত্র পাঁচ কোটি টাকা।”

রিট আবেদনে বলা হয়, হাপাগ-লয়েড ছাড়াও ওই বছর সিঙ্গাপুরের ওইএল ও বিএলপিএল’র এজেন্ট হিসেবে কাজ করে ৮ কোটি ১২ লাখ ৪০১ টাকা আয় হয় বলে প্রতিবেদনে উল্লেখ করে জিবিএক্স। সে হিসাবে ২০১৪ সালে কোম্পানিটির প্রদর্শিত মোট আয় ১২ কোটি ১২ লাখ ৪০১ টাকা।

পুরো আয়ের উপর তাদের ৩৭.৫ শতাংশ হারে আয়কর দেওয়ার কথা থাকলেও জিবিএক্স লজিস্টিকস ৫ শতাংশ হারে উৎসে কর দিয়েছে বলে রিটকারীর অভিযোগ।

জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, অর্থপাচারের অভিযোগ আনার পরও জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের নিস্ক্রিয়তা কেন আইনবিরুদ্ধ ঘোষণ করা হবে না এবং জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের কাস্টমস লাইসেন্স কেন বাতিল করা হবে না- তা জানতে রুল চাওয়া হয় রিট আবেদনে।

এছাড়া হাপাগ-লয়েড ও জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের চুক্তিসহ সব নথি প্রকাশ করতে নির্দেশনা চান আইনজীবী মতিউর।