এমসিকিউ বাদ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রাথমিক স্তরের পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়ার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে প্রশ্ন ফাঁস এবং তা রোধে প্রশ্নপত্রের কাঠামোগত পরিবর্তন নিয়ে আলোচনা হয়। পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্ন ফাঁস হলেও তা যেন কোনো কাজে না আসে সেজন্য যোগ্যতাভিত্তিক (সৃজনশীল) প্রশ্নপত্র প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি প্রশ্নপত্র থেকে এমসিকিউ প্রশ্ন বাদ দিয়ে বিকল্প উপায়ে প্রশ্নপত্র প্রণয়নের সুপারিশ করেছে।
জানতে চাইলে কমিটির সদস্য মো. আবুল কালাম সাংবাদিকদের বলেন, “প্রশ্নপত্র নিয়ে কিছু সমস্যা হচ্ছে। এ কারণে ভবিষ্যতে কোন ধরনের প্রশ্নপত্র হবে, পরীক্ষা পদ্ধতি কী এসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের একটি কমিটি এ বিষয়ে কাজ করছে। আগামী বৈঠকে তারা এ বিষয়ে একটি প্রতিবেদন দেবে।”
গত কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ধারাবাহিকতায় এবার এসএসসিতে প্রায় সব বিষয়ের প্রশ্ন পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার সকালে ফাঁস হয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফাঁস ঠেকাতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে।
কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ ও উম্মে রাজিয়া কাজল অংশ নেন।
