২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ইতিহাসে সঠিকভাবে প্রতিফলিত হয়নি’

মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ইতিহাসে সঠিকভাবে উঠে আসেনি বলে মনে করেন মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিকর্মী নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 02:20 AM

Updated : 19 Aug 2022, 01:50 PM

রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে শনিবার নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “মুক্তিযুদ্ধে নারীদের যে ভূমিকা তা ইতিহাসে সঠিকভাবে কখনোই প্রতিভাত হয়নি। এর কারণ হচ্ছে, পুরুষরা রাষ্ট্রক্ষমতা শাসন করেছে এবং ইতিহাস লেখার দায়িত্ব তারা নিজের হাতে তুলে নিয়েছে।

“শুধু অস্ত্র হাতে যুদ্ধ করলেই যে যুদ্ধ হচ্ছে, ব্যাপারটা তা নয়। সাভার, ধামরাই বিভিন্ন জায়গায় আমরা অস্ত্র রেখেছি, সেগুলো নিজের সন্তানের মতো আগলে রেখে আমাদের সহযোগিতা করেছে নারীরা। কিন্তু ইতিহাস এ কথাগুলো বলে না। নারীদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হতে পারে না।”

অনুষ্ঠানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “নারী মুক্তিযোদ্ধারা যেমন সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন, তেমনি মুক্তিযোদ্ধাদের গোপনে আশ্রয়, খাবার চিকিৎসা সেবা দিয়েছেন।

“কিন্তু দুঃখজনক বিষয় হলো, মুক্তিযুদ্ধে নারীদের অবদানের কথা যথাযথভাবে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধে নারীদের অত্যাচার নিপীড়িত হওয়ার কথাটি যেভাবে এসেছে, তাদের বীরত্বের কথা সেভাবে আসেনি।”

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ডালিয়া নওশিন বলেন, “আমার মনে হয়, বাংলাদেশের ইতিহাসটা আমরা সঠিকভাবে তুলে ধরতে পারছি না। এখনও যে জন্য আমাদের বলতে হয়, কবে দেশটা স্বাধীন হবে? আমরা যারা সত্যিকারের যুদ্ধ করে সোনার বাংলা পাব ভেবেছিলাম, সেটা মনে হয় না আমরা বেঁচে থাকতে পাব। কিন্তু আমরা যুদ্ধ করেছি, নারী-পুরুষ নির্বিশেষে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি।

“আমরা যদি দেশের জন্য সত্যিকারভাবে কাজ করতে পারি, যে চেতনায় আমরা যুদ্ধ করেছিলাম, সেই চেতনায় ফিরে আসতে পারি আবার, তবেই সত্যিকারের সোনার বাংলা পাব।”

অনুষ্ঠানে ১১ জন বীর নারীকে সম্মাননা দেয় ৭১ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সম্মাননাপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন- শহীদ জননী জাহানারা ইমাম (মরণোত্তর), ভাষা সৈনিক ও সমাজকর্মী জওশন আরা রহমান, পাকিস্তান হানাদারের নির্যাতনের শিকার লালমনিরহাটের মুক্তিযোদ্ধা শেফালি দাস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ, গোবরা ক্যাম্পে সামরিক ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ইলা দাস, আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের সেবা প্রদানকারী মুক্তিযোদ্ধা ডা. লায়লা পারভীন বানু, মুক্তিযোদ্ধা মুকুল মজুমদার দীপা, সোনামূড়া ফিল্ড হাসপাতালের স্বাস্থ্যকর্মী সাঈদা কামাল, ৯ নম্বর সেক্টরের সক্রিয় মুক্তিযোদ্ধা এস এম আনোয়ারা বেগম আনু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ডালিয়া নওশিন ও শহীদ জায়া সালমা হক।