ফেইসবুকে প্রশ্ন ফাঁসের পোস্ট দিয়ে ‘টাকা হাতানোয়’ দুজন গ্রেপ্তার
ফেইসবুকে প্রশ্ন ফাঁসের লোভ দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন-মিজানুর রহমান মিলন (২৪) ও রাফসান চৌধুরী (২৮)। তারা আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টায় ছিলেন বলে র্যাবের ভাষ্য।
‘গোপন সংবাদের’ ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর তেজগাঁও লিংক রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রাথমিক জিজ্ঞসাবাদে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের বরাত দিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজান নিজেকে ঢাকা বোর্ডের একজন কর্মচারী বলে পরিচয় দিতেন। সবাইকে বলতেন, বকশীবাজার এলাকায় থাকেন তিনি।
“সে প্রথমত একাধিক অ্যাকাউন্ট থেকে ফেইসবুকে প্রশ্নপত্র সরবরাহ করবে বলে আগাম বিভিন্ন পোস্ট দিত এবং এর জন্য অগ্রিম টাকা বিকাশের মাধ্যমে চাইত। অনেক পরীক্ষার্থী প্রশ্ন পাওয়ার জন্য তাকে বিকাশের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাত।
“মিজান কাউকে আগের বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র কাটছাট করে সরবরাহ করত। আবার মাঝে মাঝে ফেইসবুকের বিভিন্ন লিংক থেকে পাওয়া প্রশ্নপত্র সরবরাহ করত। প্রশ্নপত্র বাবদ সে ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিত বলে জানিয়েছে। এভাবে সে আনুমানিক ৮ থেকে ৯ টাকা নিয়েছে।”
আর রাফসান এসএসসি পরীক্ষায় ফেল করে এক বন্ধুর মাধ্যমে এই চক্রে যোগ দেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সে প্রশ্নপত্র ফাঁসসহ রেজাল্ট পরিবর্তনের জন্য মোটা অংকের টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করত। মিজানের মতোই একই কৌশলে সে প্রথমে ফেইসবুকে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে অগ্রিম টাকা গ্রহণ করত। সে ২০১৬ সাল থেকে এই পর্যন্ত আনুমানিক ৩-৪ লাখ টাকা বিভিন্ন শিক্ষার্থীর কাছ নিয়েছে।”
প্রশ্ন ফাঁসের অভিযোগে ২০১৬ সালে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সাত মাস জেল খাটেন রাফসান।
