বাড়িতে শেয়াল, ৯৯৯ নম্বরে ফোন
জরুরি সেবার জাতীয় হেল্প ডেস্ক ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সাহায্য নিয়ে বাড়ি থেকে শিয়াল তাড়িয়েছেন রাজধানীর উত্তরার এক বাসিন্দা।
শুক্রবার সকালে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৮১ নম্বর বাড়িতে ঘটে এ কাণ্ড।
বাড়ির মালিক প্রকৌশলী মো. জাবেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কুকুরের তাড়া খেয়ে একটি শিয়াল হঠাৎ গেইটের নিচের ফাঁক দিয়ে বাড়িতে ঢুকে যায়।
শিয়ালটি সেখানে আশ্রয় নেয় একেবারে নিরাপত্তাকর্মীর কক্ষে। কিন্তু বাসিন্দাদের তাড়া খেয়ে সেটি ঢুকে পড়ে পানির পাম্পের জন্য বানানো ছোট একটি প্রকোষ্ঠে। ফলে বাড়ির লোকজন নানাভাবে চেষ্টা করেও শিয়ালটিতে বের করতে ব্যর্থ হয়।
ফোন পেয়ে দশ মিনিটের মধ্যে ওই বাড়িতে হাজির হন উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম ও তার দল। এক ঘণ্টার চেষ্টায় তারা শিয়ালটিকে বের করে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সফিকুল বলেন, “শিয়ালটি যাতে মানুষকে আক্রমণ করতে না পারে এবং সেটিকে যাতে জীবিত উদ্ধার করা যায়, আমরা সেই চেষ্টাই করেছি।”
পরে শিয়ালটিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
