নিরাপদ ইন্টারনেট নিয়ে কী ভাবছে শিশুরা
বড়রা যখন ছোটদের জন্য ইন্টারনেটকে নিরাপদ করতে সভা-সেমিনারে ব্যস্ত শিশুরা তখন কী ভাবছে? সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের এক সমীক্ষায়।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে শিশু-কিশোরদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই জরিপ প্রতিবেদনের নানা দিক তুলে ধরা হয়। ইউনিসেফ ও ফেইসবুকের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট’ প্রচারাভিযানের উদ্বোধন উপলক্ষে সেখানে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জরিপের তথ্য তুলে ধরে ইউনিসেফের কমিউনিকেশন ম্যানেজার এএম শাকিল ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশে যারা ইন্টারনেট ব্যবহার করছে, তাদের প্রতি পাঁচজনের মধ্যে একজনের বয়স ১৮ বছরের নিচে।
তারা এই জরিপ চালিয়েছেন ফেইসবুকের মাধ্যমে। প্রশ্নগুলো নয় লাখের বেশি শিশু-কিশোরের কাছে পৌঁছায়, তাদের মধ্যে ১৩ থেকে ১৮ বছর বয়সী ১১ হাজার ৮২১ জন এতে অংশগ্রহণ করে।
# জরিপে অংশগ্রহণকারীদের ৮১.২ শতাংশ বলেছে, তারা প্রতিদিনই সোশাল মিডিয়া ব্যবহার করে।
# ৯০ শতাংশ উত্তরদাতা ইন্টারনেট ব্যবহার করে মোবাইল থেকে। আর বাড়িতে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ইন্টারনেট ব্যবহার করে ৬ দশমিক ৬ শতাংশ।
# জরিপের ৫.১ শতাংশ উত্তরদাতা অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি প্রকাশের কথা স্বীকার করেছে। ৩.৩ শতাংশ বলেছে, অনুমতি নেওয়া অত গুরুত্বপূর্ণ নয়। সোশাল মিডিয়ায় হয়রানি বা উত্ত্যক্তের শিকার হওয়ার কথা বলেছে ১৩ শতাংশ শিশু।
# ১৩.৬ শতাংশ অংশগ্রহণকারী বলেছে, অপরিচিত কেউ সোশাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি বা পারিবারিক তথ্য চাইলে, তাকে সামান্য তথ্য দিলে কোনো ক্ষতি হবে বলে তারা মনে করে না। আর ৫২ শতাংশ বলেছে, অপরিচিতি কেউ অনলাইনে বন্ধু হতে চাইলে তাতে তাদের আপত্তি নেই।
# সোশ্যাল মিডিয়ায় নিরাপদ থাকতে অপরিচিতদের সঙ্গে কথা বললেও ব্যক্তিগত ছবি বা তথ্য করবে না বলে ৬২.৬ শতাংশ শিশু-কিশোর জানিয়েছে। আর প্রকৃত পরিচয় গোপন করতে ভুয়া নামে অ্যাকাউন্ট করার কথা বলেছে ৩ শতাংশ।
#তবে অধিকাংশ শিশুই ৮৪.৮ শতাংশ শিশু-কিশোর নিরাপদ ইন্টারনেটের প্রয়োজনীয়তার কথা বলেছে। অনলাইনে অবাঞ্ছিত বা ক্ষতিকর জিনিসগুলো থেকে রক্ষা পেতে তা দরকার বলে মনে করে তারা।
এদিন নভোথিয়েটারে দিনব্যাপী ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বিষয়ক বিভিন্ন শিক্ষামূলক সেশন, ইন্টারনেট সংক্রান্ত সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনীসহ শিশু-কিশোরদের অংকন প্রতিযোগিতা, রোবোটিক্স শো, পাপেট শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এসব আয়োজন উপভোগ করেন।
ছবি: আসিফ মাহমুদ অভি
নিরাপদ ইন্টারনেট নিয়ে বিভিন্ন আলোচনায় এ সংক্রান্ত ধারণা অনেক স্পষ্ট হওয়ার কথা জানান শিক্ষার্থীরা।
হালিম ফাউন্ডেশন মডেল হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সিফাত জাহান ও আমেনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইন্টারনেটে ফেইসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, ইউটিউব ব্যবহার করেন তারা। দিনে ৫-৬ ঘণ্টা সময় কাটান ইন্টারনেটে।
“এতে যে লেখাপড়ার ক্ষতি হচ্ছে, তা এখন বুঝতে পারলাম। আর বেশি ইন্টারনেট চালানো যাবে না,” বলেন সিফাত।
“এই অনুষ্ঠানে এসে নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে জানতে পেরেছি।”
মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শাহরিয়ার সামিন বলেন, এখানে আলোচনা থেকে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটগুলো এড়ানোর কিছু অ্যাপ সম্পর্কে জানতে পেরেছেন। সেগুলো ব্যবহার করে ঝুঁকিপূর্ণ সাইটগুলো এড়িয়ে যাওয়া যাবে।
স্কুলপড়ুয়া দুই মেয়েকে নিয়ে এই আয়োজনে এসেছিলেন গৃহিনী নিগার সুলতানা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাচ্চারা কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করবে, তার শিডিউল করে দেওয়া আছে। আমরা খুবই কেয়ারফুল, সব সময়ই খেয়াল রাখি যেন বাজে কোনো কিছু তাদের সামনে চলে না আসে।”
ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থেকে অনেক কিছু জানতে পেরেছেন বলে সন্তোষ প্রকাশ করেন এই অভিভাবক।
বঙ্গবন্ধু নভোথিয়েটারে শুক্রবার ‘শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট’ প্রচারাভিযানের উদ্বোধনে শিশুরা যোগ দেয় উৎসবের আমেজে। ছবি: আসিফ মাহমুদ অভি
ছবি: আসিফ মাহমুদ অভি
মাসুমা খাতুনের দুই সন্তান প্রথম ও তৃতীয় শ্রেণিতে পড়ছে আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাচ্চারা তো এখন অনেক অ্যাডভান্সড। আমরা ভয়ে ভয়ে থাকি, খুব অল্প সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করতে দেই।”
ইন্টারনেট সেবাদাতা বেশ কিছু প্রতিষ্ঠানও সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট নিয়ে তাদের উদ্যোগগুলো তুলে ধরেছেন এই আয়োজনে।
“আমাদের থেকে যারা ইন্টারনেট সেবা নেন, তাদের জন্য আমরা নিরাপদ ইন্টারনেট সাইট ফিল্টার করে দেই।”
শিশুদের উপযোগী কনটেন্ট সরবরাহকারী বিভিন্ন অনলাইন শিক্ষামূলক ওয়েবসাইট যেমন টেন মিনিট স্কুল, জাগো ফাউন্ডেশনের অনলাইন স্কুল, আইস্কুল, রিফ্লেক্টিভ টিনস, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, ডেভ স্কিল স্টল নিয়ে বসে এই আয়োজনে।
শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে ইউনিসেফ ও ফেইসবুকের এই উদ্যোগ থেকে। সেগুলো হল-
# সব শিশুর জন্য উচ্চ মানসম্পন্ন অনলাইন উপকরণসমূহ সহজলভ্য করা।
# অপব্যবহার, নিগ্রহ, পাচার, সাইবার উৎপীড়ন ও অনুপোযুক্ত বিষয়ের মুখোমুখি হওয়াসহ অনলাইনে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে শিশুদের সুরক্ষা প্রদান করা।
# অনলাইনে শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিচয় সুরক্ষিত রাখা।
# শিশুদের অনলাইনে সম্পৃক্ত ও নিরাপদ রাখতে তাদের ডিজিটাল শিক্ষা প্রদান করা।
# অনলাইনে শিশুদের সুরক্ষিত রাখে এবং তাদের উপকারে আসে এমন নৈতিক মান ও চর্চাসমূহকে এগিয়ে নিতে বেসরকারি খাতের ক্ষমতাকে কাজে লাগানো।
# ডিজিটাল নীতিমালার কেন্দ্রে শিশুদের রাখা।
